আজকাল ওয়েবডেস্ক : শনিবার আচমকাই তেলেঙ্গানার নাগরকুর্নুল জেলায় একটি নির্মীয়মাণ সুড়ঙ্গ ভেঙে পড়ে আটক আট জন শ্রমিক। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় দশজন শ্রমিক পালাতে সক্ষম হয়েছেন। খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করেছে বিপর্যয় মোকাবিলার বাহিনী। সূত্রের খবর, ঠিক কী কারণে সুড়ঙ্গ আচমকাই ভেঙে পড়ল তা জানতে তদন্ত কমিটি পাঠানো হয়েছে ঘটনাস্থলে।

জানা গিয়েছে, তেলেঙ্গানার নাগরকুর্নুল জেলায় শ্রীশৈলম বাঁধের কাছে একটি সুড়ঙ্গ তৈরির কাজ চলছিল। শনিবার নিয়ম মতই শ্রমিকরা সেখানে কাজ করছিলেন। হঠাৎই সুড়ঙ্গের ঠিক ১৪ কিলোমিটারের মাথায় বাঁদিকের ছাদ তিন মিটার মত ভেঙে পড়ে। অন্তত ২০ জন শ্রমিক তার ভেতরেই আটকে যান। সৌভাগ্যক্রমে, কোনও রকমে পালিয়ে প্রাণ বাঁচান বারোজন। বাকি আটজন এখনও আটকে রয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি সমাজ মাধ্যমে শোক প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের ইতিমধ্যেই একাধিক নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, জেলা কালেক্টর, এসপি, দমকল বিভাগ,  হাইড্রা এবং সেচ বিভাগের আধিকারিকদের অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন তিনি। আহতদের ত্রাণ দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে। সোশ্যাল মিডিয়ায় করা পোস্টে তিনি আরও জানিয়েছেন,  সেচমন্ত্রী এন উত্তম কুমার এবং অন্যান্য আধিকারিকরা একটি বিশেষ হেলিকপ্টারে করে দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আটকে পড়া শ্রমিকদের নিরাপদে বের করে আনার  নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় কয়লামন্ত্রী জি কিষাণ রেড্ডিও। পাশাপাশি, দুর্ঘটনার নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।