আজকাল ওয়েবডেস্ক: দিল্লি থেকে উত্তরপ্রদেশের গোরক্ষপুর পর্যন্ত নতুন 'অমৃত ভারত এক্সপ্রেস' চালানোর অনুমতি দিল রেলওয়ে বোর্ড। সাধারণ মানুষের নাগালে আধুনিক ও উন্নত রেল পরিষেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ২৭ এপ্রিল রেলের তরফে জানানো হয়েছিল যে, গোরক্ষপুর ও দিল্লির মধ্যে সরাসরি যোগাযোগ বাড়াতে এই নয়া ট্রেনটি চালু করা হবে।
গোরক্ষপুর যেহেতু মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্বাচনী এলাকা, তাই রেলের এই সিদ্ধান্তকে যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে করছে ওয়াকিবহাল মহল। বর্তমানে একটি অমৃত ভারত এক্সপ্রেস গোরক্ষপুর হয়ে বিহারের দ্বারভাঙা পর্যন্ত গেলেও, নতুন এই ট্রেনটি সরাসরি দিল্লির সঙ্গে গোরক্ষপুরকে জুড়বে।
রেল সূত্রে খবর, ১৪০৪৬ এবং ১৪০৪৫ নম্বর দিয়ে এই ট্রেনটি চলাচল করবে। যাত্রাপথে গাজিয়াবাদ, মোরাদাবাদ, বেরিলি, সীতাপুর, গোন্ডা ও সিদ্ধার্থনগরের মতো মোট ১১টি স্টেশনে ট্রেনটি থামবে।
আপাতত সপ্তাহে একদিন, প্রতি মঙ্গলবার এই ট্রেনটি চালানো হবে। সময়সূচি অনুযায়ী, দিল্লি থেকে রাত ১২টা ৪০ মিনিটে ছেড়ে ট্রেনটি বিকেল ৩টে ৪০ মিনিটে গোরক্ষপুর পৌঁছবে। আবার গোরক্ষপুর থেকে রাত ৯টা ৪০ মিনিটে রওনা দিয়ে পরের দিন দুপুর ১২টা ৫০ মিনিটে ট্রেনটি দিল্লি পৌঁছবে। এই পরিষেবার ফলে উত্তরপ্রদেশের একগুচ্ছ ছোট শহরের বাসিন্দারা সরাসরি রাজধানীর সঙ্গে যুক্ত হতে পারবেন।















