আজকাল ওয়েবডেস্ক: দাম্পত্য কলহ। এর জেরে নিজের স্ত্রীকেই ছুরি দিয়ে আঘাতের চেষ্টা স্বামীর। প্রতিবেশীদের হস্তক্ষেপে কেউ আহত হননি। বৃহস্পতিবার বিকেলে, বেঙ্গালুরুর উত্তর তালুকের মদনায়কানাহাল্লি থানার অন্তর্গত দাসানাপুতায় এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্র অনুযায়ী, দম্পতির নাম সোনালি এবং সঞ্জয়। তাঁরা বিহারের বাসিন্দা। বেঙ্গালুরুতে কর্মসূত্রে চলে আসেন। দু’জনেই একটি পোশাকের ফ্যাক্টরিতে কাজ করতেন। জানা গিয়েছে, তাঁরা দ্বিতীয়বার বিয়ে করেন। অর্থাৎ এর আগে দুজনারই একবার বিয়ে হয়েছিল। 

পুলিশের সূত্রে জানা গিয়েছে, সঞ্জয় সোনালিকে প্রায়ই হেনস্তা করতেন। পাশাপাশি গায়ে হাত তুলতেন। জানা গিয়েছে, মাদক সেবনের পরে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে সঞ্জয় প্রায় দিন নিজের স্ত্রীকে নানাভাবে হেনস্তা করতেন। নিত্যদিন একই সমস্যায় ভুগতে ভুগতে সোনালি সিদ্ধান্ত নিয়েছিলেন স্বামীর সঙ্গে বসবাস করবেন না। তিনি আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। 

পুলিশের কথায়, সোনালির এই আলাদা থাকার সিদ্ধান্তের পর থেকেই সঞ্জয় তাঁকে প্রাণে মারার হুমকি দিতে থাকেন। এই নিয়ে দম্পতির প্রায়শই বচসা লেগে থাকত। কিন্তু এদিনের কথা কাটাকাটি দু’জনকেই রাস্তায় নামিয়ে আনে। চেঁচামেচিতে প্রতিবেশীরা জড়ো হন। 

জানা গিয়েছে, সঞ্জয়ের ধৈর্য্য চ্যুতি ঘটলে সে একটা ছুরি বের করে স্ত্রী সোনালিকে হত্যার চেষ্টা করে। কিন্তু প্রতিবেশীদের হস্তক্ষেপে সে যাত্রায় সোনালি প্রাণে বাঁচেন। প্রত্যক্ষদর্শীদের বয়ানে, সকলে মিলে সঞ্জয়কে ধরে রাখে। তখনও সঞ্জয়  ছটফট করতে থাকেন স্ত্রীকে আক্রমন করার জন্য। প্রতিবেশীরা জানিয়েছেন, তখনও স্ত্রীকে মৌখিকভাবে হেনস্তা  করছিলেন সঞ্জয়। 

খবর পেয়ে ঘটনাস্থলে মদনায়কানাহাল্লির পুলিশ পৌঁছয়। এর পর পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। সঞ্জয়কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। একটি অভিযোগও দায়ের করা হয়েছে সঞ্জয়ের নামে। পুলিশের জানিয়েছে ঘটনাকে কেন্দ্র করে তদন্ত জারি রয়েছে। আপাতত দু’জন দম্পতিকে একে অপরের থেকে আলাদা রাখা হয়েছে।