আজকাল ওয়েবডেস্ক: রাজ্যসভা থেকে সাসপেন্ড তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও"ব্রায়েন। বুধবার সংসদে হানার পর থেকেই উত্তাল দেশের রাজনীতি। তার মাঝেই বৃহস্পতিবার শুরু হয় সংসদ। রাজ্যসভার কক্ষে সাংসদ ডেরেক ও" ব্রায়েন বুধবারের ঘটনা নিয়ে আলোচনার দাবি জানান বলেই খবর সূত্রের। জানা গিয়েছে তাতে রাজি হননি রাজ্যসভার চেয়ারম্যান। ডেরেককে কক্ষ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ডেরেক সেই নির্দেশ মানতে রাজি না হওয়ায়, তাঁকে আচরণের কারণ দেখিয়ে সাসপেন্ড করা হয়। অধিবেশনের বাকি সমগ্র দিনগুলির জন্যই তাঁকে বরখাস্ত করা হয়েছে। উল্লেখ্য, বুধবারের ঘটনার পর থেকেই উত্তাল সংসদ। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বুধবারেই ঘটনা প্রসঙ্গে সংসদ কক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের দাবি করেছিলেন। অন্যদিকে এই ঘটনায় ফের মহুয়া মৈত্রের বহিষ্কারের রেশ টেনে এনে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সাংসদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড শেয়ার করার অভিযোগে যদি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে সংসদ থেকে বরখাস্ত করা হতে পারে তবে বুধবার লোকসভার ভেতরে এই ঘটনার জন্য কেন মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিমহাকে বরখাস্ত করা হবে না।