আজকাল ওয়েবডেস্ক: শিবরাম চক্রবর্তী। বাংলা সাহিত্যে তাঁর অবদান অবিস্মরণীয়। তবে সাহিত্য ছাড়াও, শিবরাম তাঁর বেঁচে থাকার মধ্যে দিয়ে পেরেছিলেন উত্তরের এঁদো গলি আর দূর দূরান্ত থেকে আসা ছাপোষা বাঙালির সাদা কালো মেস বাড়িকে রঙিন করে তুলতে। মুক্তারাম বাবু স্ট্রিটের ১৩৪ নম্বর বাড়ি। যে বাড়ি আদতে পরিচিত শিবরামের মেসবাড়ি বলে। সে বাড়ি নিয়ে পাঠকদের, শিবরাম অনুরাগীদের কৌতূহল প্রবল। এখন শিবরাম নেই আর, নেই মেসবাড়ির ঘরের দেওয়াল জুড়ে অজস্র হিসেব নিকেশ, উপরন্তু দরজার বাইরে জ্বলজ্বল করে "বিপজ্জনক বাড়ি" লেখা বোর্ড। তবে দেওয়ালের বয়স হলে তাতে চুনকাম হয়, বাড়ির বয়স হলে ভাঙচুর হয়, কিন্তু রাস্তাঘাট থেকে যায়, দুপাশে থেকে যায় অজস্র দোকানপাট, বসতি। তাতে জড়িয়ে থাকে ওই পুরনো মেসবাড়ির মানুষের স্মৃতি। আর সেই স্মৃতি বাঁচিয়ে রাখতে এবার উদ্যোগী কলকাতা পুরসভা। শিবরাম চক্রবর্তীর ১২০ তম জন্মদিনে সুখবর, কলকাতার পুরসভার তরফে মুক্তারাম বাবু লেন, অর্থাৎ শিবরামের মেসবাড়ির এলাকার রাস্তার নাম বদলে হবে শিবরাম চক্রবর্তী স্ট্রিট। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পুরসভার কাছে এই রাস্তার নাম বদলের প্রস্তাব দেন। শিক্ষামন্ত্রীর প্রস্তাবে উদ্যোগী হন খোদ কলকাতার মেয়র। তারপরেই সর্বসম্মতিক্রমে পাশ হয়ে যায় এই প্রস্তাব। সূত্রের খবর, শিবরামের মেস বাড়িটিকে সংগ্রহশালা বানানোর প্রস্তাবও দেওয়া হয়েছে।
Shibram Chakraborty: মুক্তারাম বাবু লেন বদলে হবে 'শিব্রামের' নামে
















