সংবাদসংস্থা মুম্বই: বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ভাসান বালা পরিচালিত, আলিয়া ভাট অভিনীত ছবি 'জিগরা'। অভিনয়ের পাশাপাশি এই ছবি করণ জোহরের সঙ্গে যৌথভাবে প্রযোজনাও করেছিলেন অভিনেত্রী। 

 

 

সূত্রের খবর, বলিউড ছেড়ে ফের দক্ষিণী ছবিতে অভিনয় করতে চলেছেন আলিয়া।‌ এর আগে এস এস রাজামৌলির পরিচালনায় 'আরআরআর' ছবির মাধ্যমে দক্ষিণী ছবির জগতে পা রেখেছিলেন অভিনেত্রী। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, নতুন এই বড় বাজেটের ছবির পরিচালকের আসনে থাকছেন নাগ অশ্বিন। 

 

 

'কল্কি ২৮৯৮ এডি' ছবির পরিচালনার দায়িত্বে থেকে সমালোচকদের কাছেও পেয়েছেন দারুণ প্রশংসা। ৬০০ কোটি বাজেটের ছবি 'কল্কি' প্রায় ১২০০ কোটি টাকার ব্যবসা করেছে সারা বিশ্বে। ছবির দ্বিতীয় ভাগের অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। তবে শোনা যাচ্ছে, আলিয়াকে নিয়ে যে ছবি তৈরি করতে চলেছেন নাগ অশ্বিণ, তা মূলত নারীকেন্দ্রিক হতে চলেছে। আর তাতেই মুখ্য চরিত্রে দেখা যাবে আলিয়াকে। তবে ছবির প্রেক্ষাপটের ব্যাপারে এর চেয়ে বেশি কিছু এখনও জানা যায়নি। 

 

 

জানা যাচ্ছে, এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি ছবির নাম। চলছে চিত্রনাট্য ঘষামাজার কাজও। এছাড়াও চলছে চরিত্রাভিনেতা নির্বাচন পর্বও। সবকিছু ঠিক থাকলে ২০২৫-এর মাঝামাঝি সময় থেকে এই ছবির শুটিং শুরু হতে পারে বলে খবর।