আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...

কান-এ ফিরলেন আলিয়া!

 দ্বিতীয়বারের জন্য কান চলচ্চিত্র উৎসব ২০২৬-এ পৌঁছোলেন আলিয়া ভাট৷  লোরিয়াল প্যারিসের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে এ বছরও তিনি হাঁটবেন বিখ্যাত রেড কার্পেটে।
ফরাসি রিভিয়েরায় নেমেই বাজিমাত— পরনে স্টাইলিস্ট রিয়া কাপুর-এর সাজানো সম্পূর্ণ কালো ক্যারোলিনা হেরেরা মনোক্রোম এনসেম্বল— টাই-আপ ডিটেইল ব্লেজার, ক্রপড ক্যাপ্রি, পয়েন্টেড হিল, গুচ্চি গোল-ফ্রেম সানগ্লাস ও মানোলো ব্লাহনিক ব্যাগ। সকালেই মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল কালো ব্লেজার, সাদা ট্যাঙ্ক টপ, নীল ডেনিমে, সেই ছবিও ভাইরাল। ১২ মে কানের উদ্বোধনী অনুষ্ঠানে রেড কার্পেটে হাঁটবেন তিনি।
এ বছরে কোন ডিজাইনার সারপ্রাইজ দেবেন, সেই অপেক্ষায় গোটা ফ্যাশন-জগৎ।

 

মাকে নিয়ে আবেগঘন তৃষা 

বিজয়ের শপথগ্রহণের পরদিন সোমবার নতুন এক পোস্ট দিয়ে ফের আলোচনায় তৃষা কৃষ্ণান।  
মাতৃ-দিবস উপলক্ষে মা উমা কৃষ্ণন-এর সঙ্গে কয়েকটি  মুহূর্ত শেয়ার করে অভিনেত্রী লিখেছেন,  “আমার দীর্ঘতম এমার্জেন্সি কনট্যাক্ট এবং চিরকালীন স্বস্তির উৎসকে মাতৃ-দিবসের শুভেচ্ছা।”  প্রসঙ্গত, ১০ মে শপথগ্রহণ অনুষ্ঠানে তৃষার সঙ্গে উপস্থিত ছিলেন উমা কৃষ্ণনও। বিজয়ের পরিবারকে আলিঙ্গন করার ভিডিও ও বিজয়ের ভাষণের সময় তৃষার চোখে জল— এমন মুহূর্ত ভাইরাল হয়েছে৷ বিজয়-তৃষার সম্পর্ক নিয়ে দু’জনের কেউই এখনও মুখ খোলেননি। 

‘জনা নায়াগান’-এর মুক্তিতে দেরি হল কেন, জানালেন প্রযোজক

বিজয়ের শেষ ছবি ‘জনা নায়াগান’ এর মুক্তিতে দেরি হওয়ার কারণ জানালেন প্রযোজক ভেঙ্কট কে নারায়ণ। ছবিটি ১৮ ডিসেম্বর ২০২৫-এ সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়৷  ২২ ডিসেম্বর U/A 16+ শংসাপত্রের সুপারিশ আসে— শর্তসাপেক্ষে কিছু বদল করা হয়৷ প্রস্তাবিত ২৭টি পরিবর্তনই ছবিতে রাখা হয়েছে৷  ৫ জানুয়ারি ছবিটি ‘রিভাইজিং কমিটি’-তে পাঠানো হয়। কারণ পরীক্ষক কমিটির পাঁচ সদস্যের মধ্যেই একজন অভিযোগ করেছিলেন, ছবিতে ভারতীয় সেনাবাহিনী এবং ধর্মীয় অনুভূতি আহত হওয়ার সম্ভাবনা আছে।
মাদ্রাজ হাইকোর্ট ৯ জানুয়ারি CBFC-কে অবিলম্বে শংসাপত্র দিতে নির্দেশ দেয়, একই সঙ্গে অভিযোগকারী সদস্যের আচরণকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দেয়। দু’সপ্তাহের মধ্যেই ছবিটি প্রেক্ষাগৃহে আসছে,জানিয়েছেন প্রযোজক। ৫০০ কোটির এই ছবিতে আছেন পূজা হেগড়ে, ববি দেওল।