টানটান উত্তেজনাপূর্ণ মোড় আসছে স্টার জলসার ধারাবাহিক 'কম্পাস'-এ। সম্প্রতি সামনে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, গল্পের নায়ক বিহান নিখোঁজ। ছেলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে বিহানের মা। কম্পাস শাশুড়িকে কথা দেয় যে সে যেভাবেই হোক বিহানকে বাড়িতে ফিরিয়ে আনবেই।
কম্পাস খুঁজতে শুরু করে বিহানকে। বিহানের চশমায় লাগানো ছিল একটা জিপিএস ট্র্যাকার। আর সেটার ফলেই কম্পাস জেনে যায় এই মুহূর্তে কোথায় আছে বিহান। সে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় সেই জায়গায়। গিয়ে দেখে, ফাঁকা একটা জায়গায় কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। কম্পাস বিহানের খোঁজ করতেই তারা তাকে বন্দুক দেখিয়ে ভয় দেখায়। এর মাঝেই আসে আসল টুইস্ট।
কম্পাস দেখে আলোআঁধারিতে একজন দাঁড়িয়ে। সে জানায় বিহান নামের এখানে কেউ নেই। কিন্তু সে কে? তার মুখ ঠিক মতো দেখতে পায় না কম্পাস। তবে কি নতুন নায়কের এন্ট্রি হল ধারাবাহিকে? গল্পের মোড়ে কী হতে চলেছে? প্রোমো দেখে বেশ উত্তেজনা ছড়িয়েছে দর্শক মহলে। তবে এই নতুন চরিত্রে কাকে দেখা যাবে, তা এখনও স্পষ্ট নয়।
প্রসঙ্গত, 'বিহান'-এর চরিত্রে দর্শক দেখছেন অভিনেতা অর্কপ্রভ রায়কে। আর এই মুহূর্তে শুটিং থেকে ক'দিনের বিরতি নিয়েছেন তিনি। কারণ, পড়ে গিয়ে পা ভেঙেছে তাঁর। বাড়িতেই পিছলে পড়ে গিয়ে পা ভেঙেছে অভিনেতার। এখন হাসপাতালে ভর্তি রয়েছেন পর্দার 'বিহান'। সম্প্রতি সমাজমাধ্যমে হাসপাতাল থেকে ছবি ভাগ করেছেন অর্কপ্রভ। সেখানে দেখা যাচ্ছে, পায়ে প্লাস্টার করা রয়েছে তাঁর।
কীভাবে ঘটল এই অঘটন? জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল অর্কপ্রভর বান্ধবী অভিনেত্রী শ্রীতমা দের সঙ্গে। শ্রীতমা জানান, বাড়িতেই পা পিছলে পড়ে গিয়েছিল অর্কপ্রভ। ডান পায়ের গোড়ালি মচকে গিয়েছিল। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে জানা যায় হাড় ভেঙেছে, তাই প্লেট বসানো হয়েছে। অপারেশনের পর এখন সুস্থ আছেন অভিনেতা।















