নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার ‘শুভ বিবাহ’ ধারাবাহিকে আসছে মহাসপ্তাহ। ঠাম্মির কথা অমান্য না করেও কীভাবে সুধার কাছাকাছি আসবে তেজ? তার জন্য যে ঘটনা ঘটাতে চলেছে তেজ, তা দর্শকেরা দেখতে পাবেন মহা সপ্তাহ অর্থাৎ আগামী ১১-১৭ নভেম্বর।
ঠাম্মির আদেশে সুধার সঙ্গে দেখা করতে পারছে না তেজ। আবার দেখা না করেও থাকতে পারছে না তাই সুধার ম্যারেজ ব্যুরোতে একেবারে নতুন অবতারে এসে হাজির তেজ। শুধু তাই নয়, নিজের জন্য পাত্রী খুঁজতেই সেখানে হাজির হয়েছে সে। সুধা যাতে একেবারেই চিনতে না পারে তাই এক বয়স্ক মানুষের রূপটান নিয়ে হাজির হয়েছে তেজ। বলাই বাহুল্য, তেজ-এর ভুমিকায় রয়েছেন হানি বাফনা এবং সুধার ভূমিকায় সোনামণি সাহা।
হানি বাফনাকে এদিন দেখা গেল বৃদ্ধ মানুষের লুকেই। জানালেন, এই লুকে দেখে প্রথম দিন নাকি তাঁকে চিনতেই পারেননি সোনামণি সাহা। মজা করে সোনামণি এই রূপে হানিকে ডাকছেন ‘জেঠু’ বলে। “বর্তমানে সময়ে ভালবাসার জন্য কেউ এমনটা করছেন তা সচরাচর দেখা যায় না। তেজ ও সুধার প্রেম যেভাবে দেখানো হচ্ছে, তা সত্যিই এখন আর দেখা যায় না” যৌথভাবে বললেন সোনামণি এবং হানি।
তবে কি ভেকধারী তেজের জন্য সুধা খুঁজে দেবেন পাত্রী? কারণ সুধার অফিসে প্রথম কাস্টমার হয়ে আসছেন তেজ। সোনামনির কথায়, “আমার তো প্রথম কাস্টমার একেবারে লক্ষ্মী, তাই নিশ্চয়ই তার জন্য পাত্রী খুঁজে দেব।” হানি বাফনার কথায়, “তেজ কিন্তু ঠাম্মির কথাও রাখছে, আবার নিজের ভালবাসার কাছেও থাকছে।” কিন্তু কতদিন এইভাবে সেজে থাকতে হবে তেজকে? সুধা কি ধরে ফেলবে তাকে? এই সবকিছুর জবাব লুকিয়ে রয়েছে ‘শুভ বিবাহ’র মহাসপ্তাহে।
















