'রাঙামতী তীরন্দাজ' ধারাবাহিকে সদ্যই একাধিক নতুন চরিত্রের এন্ট্রি হয়েছে। একদিকে রয়েছেন তথাগত মুখোপাধ্যায়, অন্যদিকে নায়িকার মেয়ে হয়ে এসেছেন সোমু সরকার। গল্পে এখন দেখানো হচ্ছে মা, মেয়ের সংঘাত। আর তার মাঝেই এবার আসছে নতুন চমক।
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'রাঙামতী তীরন্দাজ' ধারাবাহিকের নতুন যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে বিহুকে তার বন্ধু বোঝাচ্ছে। জানাচ্ছে তার মাতৃপরিচয়। সেই জানায় বিহুর মা রাঙামতী তীরন্দাজ। আর রাঙা চায় বিহু যেন জোনাল শুটিং কম্পিটিশনে যোগ দেয়। বন্ধুর সেই কথা শুনে তাতে সম্মতি দেয় বিহু। মেয়ের মতি ফেরায় খুশি হয় রাঙাও। ভাবে তার মতোই এবার তার মেয়ে নামডাক করবে। অসৎ পথ ছেড়ে দেবে। কিন্তু সত্যিই কি তাই?
প্রোমোতে দেখা যাচ্ছে বিহু কথা মতোই শুটিং কম্পিটিশনে নাম দিয়েছে। কিন্তু রাঙামতী যতই ভাবুক তার মেয়ে এবার তাদের মুখোজ্জ্বল করবে, আদতে দেখা যায় বিহু সেখানে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের ফাঁদ পাততে এসেছে। শুটিং রিং নয়, বরং বিহুর টার্গেট অন্য এক ব্যক্তি। তাকে লক্ষ্য করলে গুলি ছুঁড়লে রাঙামতী তৎক্ষণাৎ তীর ছুঁড়ে সেই গুলিকে দিকভ্রষ্ট করে দেয়। এবং জানায় যতই তাদের মা, মেয়ের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা করা হোক, সেটা সে হতে দেবে না। এখন দেখার পালা এটাই যে বিহুকে কীভাবে রাঙামতী সঠিক দিশা দেখায়।















