আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ড পাকিস্তানের করাচিতে। বহুতল শপিং মলে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ১১ জনের। এখনও পর্যন্ত শপিং মলের মধ্যে আটকে রয়েছেন অনেকেই।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার সাতসকালে করাচির রসিদ মিনহা রোডের উপরে এক বহুতল শপিং মল থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অন্ততপক্ষে ৫০ জনকে উদ্ধার করেন দমকল কর্মীরা। পাশাপাশি আগুন নেভানোর কাজ শুরু করেন তাঁরা।
দমকল কর্মীরা জানিয়েছেন, দুপুরেও উদ্ধারকাজ চলছে। এখনও ভিতরে অনেকে আটকে রয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।