আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার ৮৮ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টির জেরে এখনও ভোগান্তি পোহাতে হচ্ছে দিল্লিবাসীকে। এর মাঝেই আরও বাড়ল মৃতের সংখ্যা। শনিবার আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টিজনিত কারণে দিল্লিতে প্রাণ হারিয়েছেন ১১ জন। এর মধ্যে ছ’জনের মৃত্যু হয়েছে বৃষ্টির জমা জলে ডুবে। তাদের মধ্যে ৪ জন শিশুও রয়েছে।
দাবদাহ থেকে রেহাই মিললেও, ভারি বৃষ্টির কারণে দিল্লিতে আরও দুর্ভোগ বাড়ছে। আগামী চারদিন ভারি বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ফের একাধিক গুরুত্বপূর্ণ সড়ক প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে। ভারি বৃষ্টির জেরে দিল্লির বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ নেই। বহু বাড়িতে জল ঢুকে গেছে। আগামী সপ্তাহে ভারি বৃষ্টির জেরে ভোগান্তি পোহাতে হবে সাধারণ মানুষকে।