আজকাল ওয়েবডেস্ক: সোমবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাস্তায় নামাজ পড়ার বিষয়টি নিয়ে ফের কড়া মনোভাব দেখিয়েছেন। তাঁর সাফ কথা, প্রয়োজনে মানুষকে পালা করে বা শিফটে নমাজ আদায় করা উচিত।
একটি সংবাদপত্র গোষ্ঠীর আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, "রাস্তাঘাট মূলত জনসাধারণের চলাচলের জন্য, তাই নমজ পড়ার উদ্দেশ্যে রাস্তা আটকে রাখা উচিত নয়।" তিনি জোর দিয়ে বলেন যে, উত্তরপ্রদেশে বর্তমানে আর এমন নিয়ম বা কার্যকলাপ চলে না।
মুখ্যমন্ত্রী বলেন, “আমাকে প্রায়ই জিজ্ঞাসা করা হয় যে, উত্তরপ্রদেশে মানুষ কি সত্যিই রাস্তায় নমাজ পড়ে না? আমি স্পষ্টভাবে বলি যে, এরকম একেবারেই ঘটে না। আপনারা গিয়ে নিজের চোখেই দেখে আসতে পারেন। রাস্তাঘাট তো চলাচলের উদ্দেশ্যে তৈরি। কেউ কি হুট করে এসে কোনও মোড়ে দাঁড়িয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করতে পারে এবং যান চলাচল আটকে দিতে পারে? জনসাধারণের চলাচলে ব্যাঘাত ঘটানোর অধিকার কারোরই নেই। কেউ কেউ আমাকে বলেছিলেন, এটা কীভাবে সম্ভব? আমাদের সংখ্যা তো অনেক বেশি। সরকারের তরফে উত্তরে বলা হয়েছিল যে, নমাজ পড়ার বিষয়টি পালা করে বা শিফটে করা যেতে পারে। যদি বাড়িতে পর্যাপ্ত জায়গা না থাকে, তবে সেই অনুযায়ী মানুষের সংখ্যা সামলে নিন। অহেতুক ভিড় বাড়ানো উচিত নয়।”
যোগী আদিত্যনাথ আরও বলেন যে, "আইনের শাসন সবার ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য এবং সর্বজনীন স্থানগুলোর কোনওভাবেই অপব্যবহার করা যাবে না।" তিনি আরও বলেন, “আমরা নমাজ পড়া বন্ধ করব না, তবে তা যেন রাস্তায় না হয়।”
ধর্মীয় কার্যকলাপের জন্য সর্বজনীন স্থান ব্যবহারের বিষয়টি নিয়ে চলমান রাজনৈতিক বিতর্কের মাঝেই মুখ্যমন্ত্রীর এই মন্তব্য সামনে এল। এর আগে ২০১৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারের সময়ও মুখ্যমন্ত্রী যোগী আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ধর্মীয় জমায়েতের বিষয়টিকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস সরকারকে নিশানা করে একই ধরনের প্রশ্ন তুলেছিলেন।















