সংবাদসংস্থা মুম্বই: রান্নাঘরে সঙ্গীকে সাহায্য করার দারুণ এক মজাদার উপায়ের খোঁজ দিলেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সম্প্রতি একটি ফোনের সংস্থার বিজ্ঞাপনী প্রচারে হাজির হয়েছিলেন এই বলি-অভিনেত্রী। অনুষ্ঠানে ওই সংস্থার নতুন মুঠোফোন কতটা শক্তপোক্ত তা বোঝাতে সেই ফোনের মাধ্যমে টেবিলে রাখা আখরোট ভেঙে গুঁড়ো গুঁড়ো করলেন শ্রদ্ধা। বেশ কয়েকটি আখরোট ভেঙে ফেলার পরেও ফোনে এতটুকুও আঁচড় পড়েনি দেখে দৃশ্যত অবাক হয়ে যান শ্রদ্ধা। তারপরেই উপস্থিত জনতার উদ্দেশ্যে হাসিমুখে তিনি বলেন, "ঠিক এইভাবে আপনার মা'কে রান্নাঘরের কাজে সাহায্য করতে পারেন!"

শ্রদ্ধার এই ভিডিও সমাজমাধ্যমে প্রকাশ পেতেই নেট নাগরিকদের একটি অংশ বিরক্তি প্রকাশ করে গোটা বিষয়টিকেই 'যুক্তিহীন' বলেছেন। নেট ব্যবহারকারীদের অন্য একটি অংশ বেশ মজা পেয়েছেন। একজন তো আবার হালকা চালে বার্তা বাক্সে লিখেছেন, "শ্রদ্ধা তো 'স্ত্রী', ও তাই এরকম ভূতুড়ে কাণ্ড করতেই পারে!" 

প্রসঙ্গত, হরর-কমেডি ঘরানার ছবি 'স্ত্রী'তে ভূতুড়ে চরিত্রে দেখা গিয়েছিল শ্রদ্ধাকে। দর্শকের মাঝে যথেষ্ট জনপ্রিয় হয়েছিল শ্রদ্ধা অভিনীত সেই চরিত্রটি।