জনপ্রিয় রিয়্যালিটি শো 'লাফটার শেফস ৩'-এর আগামী পর্বে অতিথি হিসেবে দেখা যাবে অভিনেতা গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজাকে। এই শো-এর প্রতিযোগী হিসেবে রয়েছেন গোবিন্দার ভাগ্নে কৃষ্ণা অভিষেক ও তাঁর স্ত্রী কাশ্মীরা শাহ। সম্প্রতি নির্মাতাদের প্রকাশিত একটি প্রোমোতে দেখা গিয়েছে, সেটে সুনীতার 'সারপ্রাইজ এন্ট্রি' দেখে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন কৃষ্ণা। তিনি ছুটে গিয়ে সুনীতাকে জড়িয়ে ধরেন এবং তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন।
কৃষ্ণাকে বলতে শোনা যায়, "আমি তো আপনার চরণেই আশ্রয় পেয়ে গেলাম।" কৃষ্ণার স্ত্রী কাশ্মীরা শাহকেও সেই সময় চোখের জল মুছতে দেখা যায়। তিনি তাঁর মামীর কাছে ক্ষমা চান। সোশ্যাল মিডিয়ায় এই প্রোমোটির ক্যাপশনে লেখা হয়েছে, 'সুনীতা আহুজাকে দেখে কৃষ্ণা ও কাশ্মীরার চোখে জল চলে এল! দীর্ঘদিনের তিক্ততার অবসান।'
উল্লেখ্য, কৃষ্ণা অভিষেক এবং গোবিন্দার মধ্যে দীর্ঘ কয়েক বছর ধরে কথা বলা বন্ধ ছিল। এই ঝামেলার সূত্রপাত হয়েছিল ২০১৬ সালে, যখন ‘দ্য কপিল শর্মা শো’-তে কৃষ্ণার একটি রসিকতায় গোবিন্দা ও সুনীতা অসন্তুষ্ট হন। এরপর থেকে কপিল শর্মার শো-তে গোবিন্দা ও সুনীতা অতিথি হয়ে এলে কৃষ্ণা সেই পর্বগুলো এড়িয়ে যেতেন। এমনকী এ বছর আরতি সিং-এর বিয়েতে গোবিন্দা উপস্থিত থাকলেও সুনীতা সেখানে যাননি।
তবে চলতি বছরের শুরুর দিকে সুনীতা নিশ্চিত করেন যে, তাঁদের মধ্যকার দূরত্ব মিটে গিয়েছে। মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি নিজের বাচ্চাদের ওপর আর কতদিন রাগ করে থাকব? সবাই যখন যার যার জায়গায় ভাল আছে, তখন কেন ক্ষোভ পুষে রাখা? আমি শুধু সব বাচ্চাদের আশীর্বাদ করতে চাই; ওরা আমার নিজের সন্তানের মতো।"
এরপরে অন্য একটি সাক্ষাৎকারে সুনীতা আরও বলেন, "কৃষ্ণা, বিনয়, ডাম্পি ওরা সবাই আমার কাছেই বড় হয়েছে। আমার কাছে ওরা সবাই আমার সন্তান। আমি অতীতের সব কিছু ভুলে গিয়েছি। এখন আমি শুধু চাই সব বাচ্চারা হাসিখুশি থাকুক, সবার জন্য আমার আশীর্বাদ রইল।"
প্রসঙ্গত, সুনীতা, কৃষ্ণা ও কাশ্মীরার ওই আবেগঘন দৃশ্য দেখে নেটিজেনদের মধ্যে চর্চা শুরু হয়েছে। কেউ বলেছেন এই সবকিছুই দর্শককে বোকা বানানোর জন্য। রিয়্যালিটি শো-এর সবটাই নাকি আগে থেকে ঠিক করা থাকে, চিত্রনাট্য অনুযায়ী পর্বগুলো সাজানো হয়। অনেকেই আবার গোবিন্দার পরিবারের এই আভ্যন্তরীণ তিক্ততা মিটে যেতে দেখে খুশি হয়েছেন।















