ছোটপর্দায় অভিনয়ের সুযোগ পাওয়ার আগেই বড়পর্দায় ভাগ্যের শিকে ছিঁড়েছে নবাগতা অভিনেত্রী সপ্তাশ্রী নন্দর। প্রযোজনা সংস্থা টেন্ট সিনেমা প্রথমবার বড়পর্দায় আসছে। আর সেই ছবিরই নায়িকার চরিত্রে দেখা যাবে 'ঘূর্ণি' ধারাবাহিকের নায়িকা সপ্তাশ্রীকে। তাঁর বিপরীতে নায়কের চরিত্রে দেখা যাবে আরিয়ুন ঘোষকে। যাঁকে 'অদম্য' ছবিতে মুখ্য চরিত্রে দেখেছিলেন দর্শক। ওই ছবিতে অভিনয় করে দর্শক ও সমালোচক মহলে দারুণ প্রশংসিত হয়েছেন আরিয়ুন। ছবির পরিচালনার দায়িত্বে আছেন অরিজিৎ টোটোন চক্রবর্তী।
টলিপাড়ার অন্দরের খবর, এই ছবি এগোবে আদ্যপান্ত প্রেমের গল্প নিয়েই। নায়ক-নায়িকার প্রেম যখন আছে, তখন সেই প্রেমের বাধা তো থাকবেই। ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করবেন অর্পণ ঘোষাল। অর্পণকে ওটিটিতে নেতিবাচক চরিত্রে দেখা গেলেও বড়পর্দায় এই প্রথমবার খলনায়ক হবেন তিনি। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন আয়েন্দ্রী রায়। জানা যাচ্ছে, ছবির শুটিং চলছে। চলতি বছরের শেষেই বড়পর্দায় আসার কথা ছবিটির।
প্রসঙ্গত, স্টার জলসার পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'ঘূর্ণি'। এই মেগার মুখ্য চরিত্রে অভিনয় করছেন কুণাল শীল ও নবাগতা সপ্তাশ্রী নন্দ। সপ্তাশ্রী ছোটপর্দার নতুন মুখ। 'ঘূর্ণি'র হাত ধরেই তাঁর অভিনয়ে প্রথম পথচলা। সপ্তাশ্রীর সঙ্গে এতদিন বিনোদন জগতের কোনও পরিচয় ছিল না। নাচকে ভালবেসে এগিয়ে গিয়েছেন তিনি। মডেলিং-এও দেখা গিয়েছে তাঁকে। জানা যায়, তারপরেই হঠাৎ সুযোগ আসে এই ধারাবাহিকের। প্রথমবার অভিনয় জগতে পা দিয়েই মহিলা ক্রিকেটারের মতো চ্যালেঞ্জিং চরিত্রে ধরা দিতে চলেছেন সপ্তাশ্রী। ইতিমধ্যেই সামনে এসেছে ধারাবাহিকের সম্প্রচারের সময়। সন্ধে সাড়ে সাতটা থেকে দেখা যাবে এই মেগাকে। এতদিন এই সময় 'রাঙামতি তীরন্দাজ' দেখতেন দর্শক। এবার থেকে রাঙাকে রাত ১১টায় দেখা যাবে।















