আজকাল ওয়েবডেস্ক : বিহারে সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের জন্য কড়া নির্দেশিকা জারি করা হল। বিহার সরকার জানিয়েছে নতুন চাকরি পাওয়া শিক্ষক-শিক্ষিকাদের কোনও ধরনের সংগঠনের সঙ্গে যুক্ত থাকা চলবে না। এখানেই শেষ নয়, তারা শিক্ষা দফতরের বিরুদ্ধে কোনও ধরনের প্রতিবাদ করতে পারবেন না। প্রসঙ্গত, ১১ নভেম্বর বিহারে শিক্ষা দফতর প্রায় ১ দশমিক ২ লক্ষ শিক্ষক-শিক্ষিকাকে চাকরিতে নতুন বহাল করেছে। তাদের সকলের নিয়োগপত্রে উল্লেখ করা ছিল এই বক্তব্য। বিহার সরকার মনে করছে যেখানে শিক্ষক-শিক্ষিকাদের একমাত্র কাজ পড়ুয়াদের মান উন্নয়ন করা সেখানে তারা অন্য কাজেই ব্যস্ত। তারা সেখান থেকে অনেক সময় শিক্ষা দফতের কাজের বিরুদ্ধে নানা ধরনের অনুষ্ঠানেও অংশগ্রহণ করছে। তবে এই ধরনের ঘটনা আর সহ্য করা যাবে না। যদি এমন কাউকে পাওয়া যায় তবে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে এমনকি চাকরি থেকে তাঁকে বরখাস্ত করা হতে পারে বলেও জানা গিয়েছে। বিষয়টি নিয়ে বিহারের শিক্ষা দফতরের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিহার সরকার যে বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে তা বলার অপেক্ষা রাখে না।