আজকাল ওয়েবডেস্ক: ডাউন দুন এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় চলল তাণ্ডব। অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা উঠে মারধোর করল যাত্রীদের, ছিনিয়ে নেওয়া হল টাকা পয়সাও। তেমনটাই অভিযোগ যাত্রীদের। 
জানা গিয়েছে, সোমবার গভীর রাতে বিহারের উপর দিয়ে এই এক্সপ্রেস ট্রেন আসার সময় আচমাই সংরক্ষিত কামরা এস ৯ কোচে বেশ কয়েকজন উঠে পড়ে। তারা সংরক্ষিত আসনে বসতে চাইলে বচসা হয় যাত্রীদের সঙ্গে। অভিযোগ, এই বচসার রেশ জিইয়ে রেখে, পরের স্টেশনে প্রায় শতাধিক লোক উঠে পড়ে কামরায়। যাত্রীদের মারধোর করা হয়, এমনকি টাকা পয়সা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। কুদরায় পুলিশ উপস্থিত হয় ওই কামরায়। পুলিশের হাতে ২জনকে তুলে দেন যাত্রীরা। এদিন ভোরে ট্রেনটি হাওড়া স্টেশনে পৌঁছেছে। এস নাইন কামরার যাত্রীরা হাওড়ায় এসে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে গতকাল মধ্যরাতের তাণ্ডবের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেখানে দেখা গিয়েছে, প্রবল হট্টগোলের মাঝে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।