নিজস্ব সংবাদদাতা: জি বাংলার 'মিঠিঝোরা' ধারাবাহিকে নতুন বদল। এই বদল মাত্র কয়েক দিনের জন্যই। তবে এই পরিবর্তনে খুশি 'মিঠিঝোরা' অনুরাগীরা। যদিও চাপ বাড়ল এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলীদের।

রাত ১০ টার পরিবর্তে এবার থেকে এই ধারাবাহিক দর্শক দেখতে পাবেন ৯:৪৫ থেকে ১০:৩০ পর্যন্ত। অর্থাৎ আগের থেকে ১৫ মিনিট বেশি সময় ধরে দেখা যাবে এই ধারাবাহিক। তবে সেটা খুব বেশি দিনের জন্য নয়, নতুন ধারাবাহিক শুরু হলেই আবার আগের সময় ফিরবে 'মিঠিঝোরা'। অন্যদিকে ৯ টা থেকে ৯:৪৫ পর্যন্ত দর্শক দেখতে পাবেন জি বাংলার নতুন ধারাবাহিক 'ডায়মন্ড দিদি জিন্দাবাদ'। নতুন ধারাবাহিক শুরু হলেই এই ধারাবাহিক দুটি আবার ৪৫ মিনিটের জায়গায় ৩০ মিনিট দেখতে পাওয়া যাবে। ১৫ মিনিট বেড়ে যাওয়ায় বেড়ে গেল শুটিংয়ের চাপও। বর্তমানে 'মিঠিঝোরা' ধারাবাহিকে আসতে চলেছে নতুন মোড়।

অনেক খারাপ সময় পেরিয়ে 'অনির্বাণ'-এর সঙ্গে নতুন জীবন শুরু করতে চলেছে 'রাই'। কিন্তু এই দিনেই আত্মহত্যার চেষ্টা করে 'নীলু'। তবে কি এবারও নিজের ভালবাসার মানুষের থেকে দূরে সরে যেতে হবে 'রাই'কে? এর আগে বাবার মৃত্যুর জন্য 'শৌর্য'র সঙ্গে মেজো বোন 'নীলু'র বিয়ে দেয় রাই। যে পরিবারের জন্য এত বড় সিদ্ধান্ত নেয় সে, সেই পরিবারের বেশিরভাগ সদস্যই ভুল বুঝতে শুরু করে তাকে। এবারও কি অসম্পূর্ণই থেকে যাবে 'রাই'-'অনির্বাণ'-এর ভালবাসা? এমনই জমজমাট পর্ব আসতে চলেছে এই ধারাবাহিকে। এই বিশেষ পর্ব আরও বেশি সময় ধরে দেখতে পাবেন বলে উৎসুক সিরিয়াল প্রেমী
দর্শক।