টলিউডের তরফে এদিন মিটিং শেষে ঘোষণা করে দেওয়া হল যে ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের সঙ্গে আর কোনও শিল্পী বা টেকনিশিয়ান কাজ করবেন না। অর্থাৎ ব্যান। তবে কি 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের পাশাপাশি শেষ হচ্ছে 'চিরসখা'?
'চিরসখা' ধারাবাহিকের সফর কি মাঝপথেই থামছে? এদিন মিটিংয়ের পর আজকাল ডট ইনের তরফে ধারাবাহিকের 'মিঠি' অর্থাৎ ঐশী ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আজ মিটিংয়ে সিনিয়ররা যা সিদ্ধান্ত নিয়েছেন সেটাই। ফোরাম যা বলেছে সেটার পাশে আছি।" চিরসখা শেষ কিনা ফের জানতে চাইলে অভিনেত্রী বলেন, "হ্যাঁ, তাই তো হচ্ছে।"
প্রসঙ্গত, গত ২৯ মার্চ ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স প্রযোজিত ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা' -এর শুটিংয়ে তালসারিতে গিয়েছিল টিম। সেখানেই শুটিং চলাকালীন সমুদ্রে ডুবে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তাঁর মৃত্যুর পর একদিকে যেমন শিল্পী এবং টেকনিশিয়ানদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে তেমনই উক্ত প্রযোজনা সংস্থার তরফে বিভিন্ন ব্যক্তির দেওয়া বিভিন্ন মন্তব্য বিভ্রান্তি তৈরি করে। একই সঙ্গে আর্টিস্ট ফোরামের তরফে তাদের যে চিঠি পাঠানো হয়েছিল, সেটার জবাব যথাযথ ছিল না। রাহুলের শেষকৃত্যে দেখা যায়নি প্রযোজনা সংস্থার কাউকে। বরং উল্টে রাহুলের মৃত্যুর সপ্তাহ ঘোরার আগে 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের তৃতীয় সিজনের শুট শুরু করে দেওয়া হয় নতুন কাস্ট নিয়ে। এরপরই সকলেই বিরক্ত এবং ক্ষুব্ধ হন প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। ইতিমধ্যেই ৫ জনের নামে কলকাতার রিজেন্ট পার্ক থানা এবং তালসারিতে অভিযোগ জানানো হয়েছে আর্টিস্ট ফোরামের তরফে। সেখানে উপস্থিত ছিলেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকারও।
এরপর ৬ এপ্রিল সোমবার ৭ এপ্রিল থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয়। বলা হয় নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিশ্চিত না হলে কাজ হবে না। মঙ্গলবার সকাল থেকেই স্তব্ধ ছিল টলিপাড়া। যদিও এদিন ফেডারেশন, আর্টিস্ট ফোরাম, ইম্পা টিভি প্রযোজক ও চ্যানেল কর্তৃপক্ষদের সঙ্গে বৈঠক ডেকেছিল। সেখানে হাজির ছিল গোটা টলিউড। এই মিটিংয়ে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সকে ব্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রযোজনা সংস্থার একাধিক ধারাবাহিক চলত বাংলায়। তারই অন্যতম ছিল 'ভোলে বাবা পার করেগা' এবং 'চিরসখা'। বর্তমানে দুই ধারাবাহিকের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়ল। এই বিষয়ে লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজকাল ডট ইনের তরফে যোগাযোগ করা হলে কোনও উত্তর পাওয়া যায়নি।















