রাহুল অরুনোদয় ব্যানার্জির মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল টলিউড৷ প্রতিবাদ প্রতিরোধে বন্ধ শুটিং। আজ সকাল ১০ টায় টলিউডের অভিনেতা অভিনেত্রী কলাকুশলীরা জমায়েত করেছিলেন টেকনিশয়ান স্টুডিওতে৷
আগেই শোনা গিয়েছিল 'ভোলে বাবা পার করেগা' এবং চিরসখা এই দুটি ধারাবাহিক বন্ধ হচ্ছে৷ এখন জানা গেল জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক 'কনে দেখা আলো' বন্ধ হতে চলেছে৷
সম্প্রতি গল্প নতুন মোড় নিচ্ছিল৷ সুদেব বুঝতে পেরেছিল লাজবন্তীর জায়গা তার জীবনে ফিকে হয়ে গিয়েছে৷ সুদেব মানিয়ে নিয়ে সংসার করতে চাইলেও লাজুর মন জুড়ে রয়েছে অনুভব।
ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে এসেছিল কয়েকদিন আগে৷ সেখানেও দেখা যায় লাজুকে বাড়িতে নামিয়ে দিয়ে যাচ্ছে অনুভব, এই দেখে রেগে যায় সুদেব৷ এমনকি লাজুকে চড়ও মারে সুদেব৷ সুদেবকে ছেড়ে চলে যাবে এমন কথাও জানিয়েছিল লাজু৷ টানটান উত্তেজনাপূর্ণ গল্প শেষ হয়ে যাচ্ছে মাঝপথেই।
রাহুল অরুনোদয় ব্যানার্জির মৃত্যুর সঠিক তদন্তের দাবি এবং টলিউডে শিল্পীদের নিরাপত্তার দাবিতে প্রতিবাদের মাঝেই ধারাবাহিক এর দর্শকদের জন্য এল আরও এক খারাপ খবর।















