রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর পর সরগরম টলিপাড়া। ধারাবাহিকের শুটিং করতে গিয়ে কীভাবে মর্মান্তিক মৃত্যু হল তরুণ অভিনেতার, তা এখনও মেনে নিতে পারছেন কেউই। প্রশ্ন উঠে এসেছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িতদের নিরাপত্তার বিষয়টি। বিগত দিনে দফায় দফায় হয়েছে মিটিং। রাহুলের মৃত্যুর বিচার চাইতে মঙ্গলবার টেকনিশিয়ান স্টুডিওতে হাজির হন প্রায় গোটা ইন্ডাস্ট্রি। আর সেখানেই মিটিং শেষে অভিনেতা দেব ও ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের মধ্যে ফের 'দ্বন্দ্ব' ধরা পড়ে। 

এদিন কলাকুশলী এবং শিল্পীদের নিরাপত্তা নিয়ে টেকনিশিয়ান স্টুডিওতে মিটিং চলে ফেডারেশন, ইম্পা, আর্টিস্ট ফোরাম এবং প্রযোজক ও চ্যানেল কর্তৃপক্ষের মধ্যে। সেখানে শিল্পীদের নিরাপত্তা ছাড়াও আলোচনা হয় ব্যান নিয়ে। 

দেব এদিন মিটিং শেষে বলেন, "অনেক পরিচালক, অভিনেতারা ব্যান হয়ে আছেন। তাঁরা ৭২ ঘণ্টায় ফিরবে কাজে। যাঁরা যাঁরা ব্যান হয়ে আছেন তাঁদের সঙ্গে প্রসেনজিৎ দা কথা বলবেন। তারপর জানাবেন। যাঁদের কাজ নেই তাঁরা বুঝবেন বিষয়টা কেমন। তাই এই বিষয়েও আজ কথা হয়েছে।"

এরপর দেবের বক্তব্যের প্রেক্ষিতেই স্বরূপ বিশ্বাস বলেন, "একজন অভিনেতা আজ একটা বিষয় তুলেছেন। কিন্তু এক বছর আগে বিষয়টি বললে এই অবস্থা হত না। উনি কেবল অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে বলছেন, কলাকুশলীদের নিয়ে ভাবছেন না।" স্বাভাবিকভাবেই নাম না নিয়েও তিনি যে দেবের উদ্দেশ্যে একথা বলেছেন তা স্পষ্ট । 

টলিপাড়ার টেকনিশিয়ানদের জন্য রাজ্য সরকারের ‘স্বাস্থ্যসাথী’ কার্ড চালু করা নিয়ে অভিনেতা-সাংসদ দেব এবং ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের মধ্যে মতবিরোধ প্রকাশ্যে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিতে দেব প্রায় ৭০০০ টেকনিশিয়ানের জন্য এই কার্ড নিশ্চিত করতে উদ্যোগী হন। স্বরূপ বিশ্বাস এই প্রকল্পের সুবিধা নিয়ে প্রশ্ন তোলায় দেব পাল্টা তোপ দাগেন তৃণমূল সাংসদও।  টলিউডের বহু আলোচিত ‘থ্রেট কালচার’ বা হুমকি সংস্কৃতি ও ‘ব্যান কালচার’ বা নিষেধাজ্ঞার সংস্কৃতির প্রসঙ্গও তোলেন দেব। অনির্বাণ ভট্টাচার্যের মতো অভিনেতাকে ব্যান করার বিষয়টিও তুলে ধরেন দেব। 

সেসময় দেবের বক্তব্যের বিরোধিতা করে স্বরূপ বিশ্বাসের জানিয়েছিলেন, টেকনিশিয়ানরা যে কাজ করেন সেটাকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল। টেকনিশিয়ানদের কাজকে খর্ব করার জন্য, তাঁদের অসুবিধায় ফেলার জন্য পদক্ষেপ করা হয়েছিল। টলিউডের 'থ্রেড কালচার'-কে অস্বীকারও করেন ফেডারেশন সভাপতি। মঙ্গলবারও কার্যত সেই সুর শোনার স্বরূপ বিশ্বাসের গলায়। 

মঙ্গলবার টলিপাড়ার শুটিং ফ্লোরে তালা বন্ধ ছিল। অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধের ডাক দিয়েছে ফেডারেশন ও আর্টিস্ট ফোরাম। টলিউডের সদস্যরা এদিন টেকনিশিয়ান স্টুডিওতে জমায়েত হন। এদিন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরূপ বিশ্বাস, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, রঞ্জিত মল্লিক, ঋতুপর্ণা সেনগুপ্ত সহ টলিউডের চেনা মুখেরা। সেখানেই তাঁরা ঘোষণা করেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর টলিউড থেকে ব্যানড ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স। এই প্রযোজনা সংস্থার সঙ্গে আর কোনও শিল্পী, টেকনিশিয়ানরা কাজ করবেন না।