নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ায় তাঁর ফ্যাশন বরাবরই চর্চায় থাকে। বয়স যেন বেড়েও বাড়েনা। তিনি অভিনেত্রী মনামী ঘোষ। অভিনয় থেকে বিরতি নিয়ে মাঝেমধ্যেই ছুটি কাটাতে বেরিয়ে পড়েন মনামী। দেশ ছাড়িয়ে বিদেশেও সম্প্রতি পাড়ি দিয়েছেন অভিনেত্রী। আর সেখানেই বিপদের সম্মুখীন হলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজের গুরুতর আঘাতের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মনামী।


এখন কেমন আছেন অভিনেত্রী? আজকাল ডট ইন-এর তরফে মনামীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, "জাপানে বেড়াতে এসেছিলাম। অ্যাডভেঞ্চার বরাবরই পছন্দ আমার। ইলেকট্রিক বাইক রাইড করছিলাম। প্রশিক্ষণ নিয়েছিলাম ঠিকই। বাইকটার অ্যাকসিলেটরে সমস্যা ছিল হয়তো, তাই অ্যাক্সিডেন্ট হয় আমার। হাতে আর হাঁটুতে চোট লাগে। এখন মোটামুটি ঠিক আছি। মা ঘটনাটা শোনার পর খুব চিন্তিত ছিলেন তাই মাকে একটু একটু করে যে সুস্থ হচ্ছি সেই ছবি তুলে পাঠাতে হয়েছে।"


প্রসঙ্গত, সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালিত পরিচালক মৃণাল সেনের বায়োপিকে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে দেখা মিলবে মনামীর। ট্রেলারে সাদা কালোয় যেন আরও রঙিন হয়ে উঠেছেন মনামী। এই চরিত্রের জন্য প্রস্তুতি প্রসঙ্গে অভিনেত্রীর কথায়, তিনি গীতা সেনকে বাস্তবে দেখেননি। তবে এই ছবিতে দর্শক তাঁর চোখ দিয়ে গীতা সেনের এক অন্য রূপ পর্দায় দেখতে পাবেন। তিনি তাঁর সাধ্যমতো চেষ্টা করেছেন গীতা সেনকে পর্দায় ফুটিয়ে তোলার।