অহনা দত্ত ছোটপর্দার অতি চেনা মুখ। বর্তমানে তাঁকে 'তারে ধরি ধরি মনে করি' ধারাবাহিকে দেখা যাচ্ছে। এদিন তিনি একটি পোস্ট করে জানালেন তাঁর স্বামী দীপঙ্কর অসুস্থ। হাসপাতালে। কিন্তু কী হয়েছে? 

৫ এপ্রিল বিকেলে অহনা দত্ত একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে দীপঙ্কর হাসপাতালের বিছানায় বসে আছেন। তাঁর বুকে একাধিক যন্ত্রপাতি লাগানো আছে। পাশে বসে আছেন অহনা। এই ছবিটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'বাড়ি চলো। চিন্তার কোনো কারণ নেই। আমাদের অনেক লড়াই বাকি। থ্যাঙ্ক ইউ যারা এই সময় পাশে থেকেছে। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ।' (পোস্টদাতার বানান অপরিবর্তিত রাখা হল) 

কিন্তু কী হয়েছে দীপঙ্করের? অহনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে আজকাল ডট ইন। কিন্তু ফোনে অধরা অভিনেত্রী। পরবর্তীতে তিনি জানান হাসপাতাল থেকে সবে ফিরেছেন, বিস্তারিত জানাবেন শীঘ্রই। এরপর তিনি সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে তিনি এবং দীপঙ্কর গাড়িতে পাশাপাশি বসে। এই ভিডিওতেই অভিনেত্রী জানালেন তাঁর স্বামীর কী হয়েছিল। 

অহনা তাঁর ভিডিওতে বলেন, "আমি তখন শুটিং ফ্লোরে ছিলাম, তখন ও আমায় হঠাৎ করেই ফোন করে বলে নিঃশ্বাস নিতে পারছি না। ও নিজেই আমার শ্বশুরমশাইকে নিয়ে স্থানীয় হাসপাতালে যায়। ওকে অক্সিজেন দেয় ওখানে। আমিও এদিক থেকে ফ্লোর থেকে ওখানে পৌঁছই। ফ্লোর থেকে আমায় সঙ্গে সঙ্গে ছেড়ে দেয়। আমি গিয়ে দেখি ওর ভীষণই শরীর খারাপ। সুগার ফল করেছে। বিপি ওঠাপড়া করছে। ওকে সঙ্গে সঙ্গে অন্য হাসপাতালে শিফট করি। আইসিইউতে ভর্তি করে। বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা হয়। এখন ও ভাল আছে।" একই সঙ্গে অভিনেত্রী জানান দীপঙ্করকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁরা ফিরছেন। 

কেবল অহনা নন। দীপঙ্কর এদিন কথা বলেন দর্শক এবং তাঁদের অনুরাগীদের সঙ্গে। তিনি বলেন, 'আমার যা অবস্থা হয়েছিল যে কোনও মুহূর্তে কোল্যাপ্স করে যেতে পারতাম। ঈশ্বর আছেন। আমার পরিবার আছে। আপনাদের প্রার্থনা আছে, তাই আমি সুস্থ হয়ে ফিরছি।' এদিন অহনা এবং দীপঙ্কর দু'জনেই তাঁদের অনুরাগীদের ধন্যবাদ জানান এই বিপদে তাঁদের পাশে থাকার জন্য। অভিনেত্রী জানান এই খবর তিনি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পর প্রচুর ফোন, মেসেজ পেয়েছেন। কিন্তু ব্যস্ততার কারণে তার জবাব দিতে পারেননি। তবে দুঃসময় সকলকে পাশে তিনি কৃতজ্ঞ। 

প্রসঙ্গত অহনা দত্তকে দর্শক বর্তমানে তারে ধরি ধরি মনে করি ধারাবাহিকের দেখছেন। সেখানে তিনি কুন্তলিনীর চরিত্রে অভিনয় করছেন। এর আগে তাঁকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে মিশকার চরিত্রে দেখা গিয়েছিল। সেখান থেকেই তিনি জনপ্রিয়তা পান। পরবর্তীতে রাজ চক্রবর্তীর সন্তান ছবিতে কাজ করেছেন মিঠুন চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে।