বর্তমানে শিক্ষার খরচ যে হারে বাড়ছে, তাতে মধ্যবিত্ত পরিবারের নাভিশ্বাস ওঠার জোগাড়। স্কুল ফি, ইউনিফর্ম এবং খাতা-পত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির এই মিছিলে এবার নতুন করে ঘি ঢালল পঞ্চম শ্রেণির একটি ইংরেজি পাঠ্যবই।
2
6
লখনউয়ের খ্যাতনামা সিটি মন্টেশরি স্কুলের পঞ্চম শ্রেণির একটি ইংরেজি বইয়ের দাম ১,০৩৫ টাকা নির্ধারণ করায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে একজন অভিভাবককে ওই দামী বইটি হাতে নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
3
6
ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি 'বার্লিংটন ইংলিশ' সিরিজের একটি বই দেখিয়ে হিন্দিতে বলছেন, "এটি সিটি মন্টেশরি স্কুলের একটি ইংরেজি বই। মাত্র একটি বইয়ের দাম ১,০৩৫ টাকা! সরকার যদি সাধারণ মানুষের পকেটে টান দিতে পারে, তবে এই স্কুলগুলোর লাগাম কেন টানছে না? যে বইটির আসল খরচ বড়জোর ৫০ টাকা হতে পারে, তার জন্য হাজার টাকার বেশি কেন নেওয়া হচ্ছে?"
4
6
ভিডিওতে থাকা অন্য এক অভিভাবক হতাশার সুরে জানান, শিক্ষার এই দাম শিশুদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। তিনি টিপ্পনী কেটে বলেন, এসব নিয়ে মুখ খুললেই হয়তো পরিস্থিতির আরও অবনতি হবে।
5
6
এই ঘটনাকে কেন্দ্র করে নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই সরাসরি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ট্যাগ করে পাঠ্যবইয়ের দাম নিয়ন্ত্রণে কঠোর আইন আনার দাবি জানিয়েছেন।
6
6
সামাজিক যোগাযোগমাধ্যমে জনৈক ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন, "একটি সাধারণ ইংরেজি বইতে এমন কী শেখানো হচ্ছে যার দাম ১,০০০ টাকার বেশি হতে পারে? এটা আর শিক্ষা নেই, বরং সাধারণ পরিবারের ওপর বিশাল আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে।" এই ভাইরাল ভিডিওটি আবারও প্রমাণ করল যে, আধুনিক শিক্ষা ব্যবস্থার আড়ালে লাগামহীন বাণিজ্যিকীকরণ সাধারণ মানুষের জন্য কতটা যন্ত্রণাদায়ক হয়ে উঠছে।