আজকাল ওয়েবডেস্ক:‌ দক্ষিণবঙ্গে গরম কমছে না। শনিবার অন্তত তিন জেলায় রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার তাপপ্রবাহ হতে পারে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায়। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদে শনিবার বিকেলের পর হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টি হতে পারে। তবে ঝড়বৃষ্টি হলেও তাপমাত্রা ২–৩ ডিগ্রি বাড়বে আগামী কয়েকদিনে। কলকাতায় শনিবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৭.১ ডিগ্রি এবং ২৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে বেশি। তবে উত্তরবঙ্গে চলবে বৃষ্টি। সোমবার অবধি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। ‌সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। এদিকে, দক্ষিণে বর্ষা আসতে আসতে ১৩ জুন হয়ে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।