আজকাল ওয়েবডেস্ক: ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণসামগ্রী পাঠাল ভারত। শুক্রবার রাতে শক্তিশালী ভূকম্পন হয় নেপালে। জাজারকোটের নিকটবর্তী স্থান ছিল এই কম্পনের উৎসস্থল। শেষ পাওয়া খবর অনুযায়ী, কম্পনে মৃত্যু হয়েছে প্রায় ১৫০ জনের। আহত ৩৫০ এর আশেপাশে। বহু মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার পড়শি দেশের পাশে দাঁড়িয়েছে ভারত। রবিবার ভারত নেপালকে ১১ টন জরুরি ত্রাণ সামগ্রী সরবরাহ করেছে। কাঠমান্ডুর ভারতীয় দূতাবাসের একটি বিবৃতিতে জানানো হয়েছে, ভারত থেকে তাঁবু, ত্রিপল, কম্বল, স্লিপিং ব্যাগ, পোর্টেবল ভেন্টিলেটর, প্রয়োজনীয় ওষুধ সামগ্রী পাঠানো হয়েছে ইতিমধ্যে। নেপালের উপ প্রধানমন্ত্রীর হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন ভারতীয় রাষ্ট্রদূত। রবিবারেও কাঠমান্ডু থেকে ১৬৯ কিলোমিটার উত্তর পশ্চিমে ৩.৬ মাত্রার একটি কম্পন অনুভূত হয়। একই দিনে কেঁপে ওঠে মণিপুরের চূড়াচাঁদপুর।