আজকাল ওয়েবডেস্ক: ইরান-আমেরিকা শান্তি বৈঠক অধরাই। তার মাঝেই শনিবার রাতে আমেরিকায় ঘটে গিয়েছে গুলিচালনার ঘটনা। জমজমাট নৈশভোজে নিরাপত্তাবলয় পেরিয়ে ঘটনাস্থলে ঢুকে পড়েন এক আততায়ী। প্রাণে বেঁচে যান ট্রাম্প। সুরক্ষিত তাঁর স্ত্রী, ভাইস প্রেসিডেন্ট থেকে অন্যান্য অতিথি। তবে আহত হন ট্রাম্পের এক নিরাপত্তা আধিকারিক। অকস্মাৎ এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন অনুষ্ঠানে উপস্থিত সকলেই। একজন মার্কিন জাদুকরের ভাষ্যেও উঠে এল তেমনই তথ্য। ঘটনার পর আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানালেন সে কথাই।
শনিবারের নৈশভোজের আয়োজন করা হয়েছিল ওয়াশিংটনের হিল্টন হোটেলে। উপস্থিত ছিলেন ২৬০০ জন। হোটেলের বলরুমের বাইরে এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের পাশাপাশি ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ও তাঁর স্ত্রী। হাজির ছিলেন অন্যান্য সরকারি আধিকারিক থেকে সাংবাদিক, অভিনেতা-সহ অন্যরাও। ট্রাম্পের ভাষণ শুরুর আগেই হঠাৎ গুলি চালনার ঘটনা ঘটে। আমন্ত্রিতদের মধ্যে ছিলেন জাদুকর ওজি পার্লম্যানও। তিনিই মার্কিন সংবাদমাধ্যমকে এবিসি নিউজকে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেন।
তিনি জানান, তাঁর 'ওয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন ডিনার' -এ ওই দিন অনুষ্ঠান করার কথা ছিল। কিন্তু তার আগেই ঘটে যায় হাড়হিম করা ওই ঘটনা। সংবাদমাধ্যমকে তিনি বলেন, "আমি ঘটনার সময় প্রেসিডেন্টের পাশেই দাঁড়িয়ে ছিলাম। গুলি চলার সঙ্গে সঙ্গে মনে হয়, আমরা কি সত্যিই এখানে মারা যাব?" তাঁর সংযোজন, "গুলির আওয়াজ পেয়েই সঙ্গে সঙ্গে আমি মাথা নিচু করে মাটিতে বসে পড়ি। মনে হচ্ছিল, শুধু গুলি না, এ বার বোমের বিস্ফোরণ হবে।"
তিনি জানান, তাঁর পাশেই ছিলেন ট্রাম্প। কিন্তু ঘটনার আকস্মিকতায় এতই বিভ্রান্ত ছিলেন তিনি, বুঝতে পারছিলেন ট্রাম্প আক্রান্ত হয়েছেন কি না। তবে যথেষ্ট কিছুক্ষণের মধ্যেই সিক্রেট সার্ভিসেসের দু'জন এজেন্ট প্রেসিডেন্টকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় বলেও তিনি জানান। বাকিদেরও দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয় সেখান থেকে। এর পর তিনি হামাগুড়ি দিয়ে ব্যাক্সটেজে পৌঁছন। সেখানে দেখেন চারিদিকে বন্দুক নিয়ে নিরাপত্তারক্ষীরা ঘোরাঘুরি করছেন। চারিদিকে আতঙ্কের পরিবেশ ছিল রীতিমত।
উল্লেখ্য, হামলার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি হিসেবে একজনকে আটক করে গোয়েন্দাসংস্থা এফবিআই। অভিযুক্ত ৩১ বছর বয়সী কোল অ্যালেন পেশায় ইঞ্জিনিয়ার এবং শিক্ষক। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ধারালো অস্ত্র।















