আজকাল ওয়েবডেস্ক: ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার এক পরিবার। মৃত ভাই ও বোন। জানা গিয়েছে জলপাইগুড়ির বাসিন্দা সুব্রত সরকার নিজের স্ত্রী, তিন বছরের সন্তান সহ শ্যালক ও শ্বশুর–শাশুড়িকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন। বুধবার রাতে সপরিবারে রায়গঞ্জ স্টেশনে নামেন সুব্রত বাবু। সেখান থেকে গাড়িতে যাচ্ছিলেন জলপাইগুড়ির দিকে। ১২ নম্বর জাতীয় সড়কে ইসলামপুর থানার পেলিভিটা বাইপাসে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। গার্ডওয়ালে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। উল্টে যাওয়া গাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয় ৬ জনকে। ঘটনাস্থলেই মারা যান সুব্রত বাবুর শ্যালক মানিকলাল সরকার ও স্ত্রী রত্না সরকার। বাকি চার জন হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে মৃত মানিকলাল গাড়ি চালাচ্ছিলেন। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।
Accident: ইসলামপুরে দুর্ঘটনা, ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত ভাই–বোন
















