আজকাল ওয়েবডেস্ক:‌ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন টিম ইন্ডিয়ার প্রথম সারির ক্রিকেটাররা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী জুনের প্রথম সপ্তাহে হবে ম্যাচ দুটি। যে ম্যাচে টেস্ট সিরিজের দলে থাকা সব ক্রিকেটাররাই খেলবেন।


এই দুটি ম্যাচের পরেই শুরু হয়ে যাবে ভারত–ইংল্যান্ড পাঁচ টেস্টের সিরিজ। এই সিরিজ থেকেই শুরু হবে পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সার্কেল। যা শেষ হবে ২০২৭ সালে।


এটা ঘটনা আইপিএলের পর টেস্ট সিরিজের আগে ভারতের হাতে সময় খুব কম থাকবে। দু’‌মাসের বেশি সময় ধরে হবে আইপিএল। যা শেষ হবে মে মাসের শেষে। আর ২০ জুন থেকে শুরু হয়ে যাবে টেস্ট সিরিজ। তাই প্রস্তুতির জন্য দু’‌সপ্তাহের কিছুটা বেশি সময় পাওয়া যাবে।


সেই সময়েই হবে দুটি ম্যাচ। ভারত ‘‌এ’‌ দল খেলবে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে। চার দিনের ম্যাচটি শুরু হতে পারে ৪ জুন থেকে। এরপর নিজেদের মধ্যেই দল করে একটি ম্যাচ খেলবেন বিরাটরা। অর্থাৎ ‘‌এ’‌ দলের হয়ে খেলা ক্রিকেটাররা খেলবেন রোহিতদের বিরুদ্ধে। তারপর লায়ন্সদের বিরুদ্ধে থাকবে আরও একটি ম্যাচ। 


গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সার্কেল ভারতের মোটেও ভাল যায়নি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ০–৩ হোয়াইটওয়াশ। তারপর বর্ডার গাভাসকার ট্রফিতে ১–৩ হার। তাই এবার প্রস্তুতি ম্যাচ খেলেই ইংরেজদের মুখোমুখি হতে চান রোহিতরা।