আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান সুপার লিগের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হলেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার টি–২০ দলে তিনি সুযোগ পান না। তবে বিগ ব্যাশ লিগে এবার দারুণ খেলেছেন স্মিথ।
পিএসএলের ১১ তম সংস্করণের জন্য শিয়ালকোট স্ট্যালিওনজ স্মিথকে রেকর্ড টাকায় কিনেছে। বাবর আজমের থেকে প্রায় দ্বিগুণ টাকা পাবেন স্মিথ।
এটা ঘটনা, ২০২৫ আইপিএলের নিলামে অবিক্রিত ছিলেন স্মিথ। প্রসঙ্গত, ২০২৬ পিএসএলে যে দুটি নতুন দল এসেছে, তার একটি শিয়ালকোট। নিলামের আগেই সরাসরি স্মিথকে তুলে নিয়েছে শিয়ালকোট।
জানা গেছে, ১৪ কোটিরও বেশি টাকায় স্মিথকে কিনেছে শিয়ালকোট। নতুন ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষ জানিয়েই দিয়েছে, তারা বড় শক্তি হয়েই পিএসএলে প্রবেশ করতে চায়।
জানা গিয়েছে, পিএসএলে বাবর আজম, শাহিন আফ্রিদি, সাদাব খান, আবরার আহমেদরা ৭ কোটির মতো পান। এদের সবাইকে ছাপিয়ে গিয়েছেন স্মিথ।
শিয়ালকোট ও অপর নতুন দল কিংসম্যান হায়দরাবাদের হাতে ৬ ফেব্রুয়ারি অবধি সময় রয়েছে সরাসরি ক্রিকেটার কেনার। এরপর ১১ ফেব্রুয়ারি আট দলকে নিয়ে হবে আইপিএলের নিলাম পর্ব। আর টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ২৬ মার্চ।
এটা ঘটনা, টি–২০ বিশ্বকাপ দলে জায়গা পাননি স্মিথ। তবুও পিএসএলে স্মিথের কদর যে রয়েছে তা বোঝাই যাচ্ছে। তার কারণ বিগ ব্যাশ লিগে গত দুই মরশুমে দারুণ ছন্দে ছিলেন স্মিথ। গড় ছিল ৬০ এর কাছাকাছি। স্ট্রাইক রেট ১৬৮। ২৭২ টি–২০ ম্যাচে স্মিথ করেছেন ৬২৪২ রান।
এদিকে, ভারত ম্যাচ বয়কট করে ভুল করল পাকিস্তান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাই এখন এই কথা বলছেন!
এটা ঘটনা, বাংলাদেশের পাশে থাকতেই ভারতের বিরুদ্ধে টি–২০ বিশ্বকাপের ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। কিন্তু সেই বাংলাদেশ বোর্ড বলছে, পাকিস্তানের এমন করাটা ঠিক হচ্ছে না। কারণ ভারত–পাক ম্যাচ থেকে যে বিপুল আর্থিক মুনাফা হয়, সেই লভ্যাংশ সদস্য দেশগুলির মধ্যে ভাগ করে দেয় আইসিসি। ভাগ পায় বাংলাদেশ বোর্ডও। এবার যদি সেই বিপুল অর্থ আইসিসির কোষাগারে না আসে তাহলে বাংলাদেশ বোর্ডকেও ভুগতে হবে।
