আজকাল ওয়েবডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কি সৌদি আরব থেকে নিখোঁজ? রিয়াধের রাস্তায় এখন দেখা যাচ্ছে 'সিআর সেভেন'-এর নিখোঁজ হওয়ার পোস্টার। 

রোনাল্ডো কি তাহলে সৌদি-মুলুক ছেড়ে চলে গেলেন? খবরের ভিতরের খবর কিন্তু অন্য। 

সৌদি প্রো লিগে  আল রিয়াদের বিরুদ্ধে নামেননি পর্তুগিজ তারকা। রোনাল্ডো না থাকলেও ম্যাচটা জেতে আল নাসেরই। গোল করেন সাদিও মানে। দ্বিতীয় স্থানে এখন আল নাসের। ১৯টি ম্যাচে ৪৬ পয়েন্ট তাদের। রোনাল্ডোর স্কোয়াডে না থাকা অনেকেরই ভুরু কুঞ্চিত করে। কিন্তু তিনি আল নাসেরের ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিলেন কেন? 

চ্যাম্পিয়ন ইতিহাদের বিরুদ্ধে বড় ম্যাচে নামার আগে বিশ্রাম নিতে চান রোনাল্ডো। সেই কারণে রিয়াদের বিরুদ্ধে তিনি খেলবেন না। রোনাল্ডোর না খেলার পিছনে রয়েছে অন্য কারণ। 
সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) উপরে চটেছেন রোনাল্ডো। এই পিআইএফ সৌদির প্রধান চারটি ক্লাবকে নিয়ন্ত্রণ করে। সূত্রের খবর, রোনাল্ডোর  অভিযোগ, আল নাসরের থেকে আল হিলালের মতো প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। 


আল নাসরে রয়েছেন দুই পর্তুগিজ কর্মকর্তা- সিমাও কুটিনহো (স্পোর্টিং ডিরেক্টর) ও হোসে সেমেদো (সিইও)। তাঁরা  থাকলেও তাঁদের ক্ষমতা একপ্রকার কেড়েই নেওয়া হয়েছে। 
বোর্ডের এ সিদ্ধান্তে রোনাল্ডো অসন্তুষ্ট। সিআর সেভেনের মনে হয়েছে, আল হিলালের থেকে আল নাসের দলবদলের বাজারে ভীষণ পিছিয়ে। 
আল রিয়াদের বিরুদ্ধে ছিলেন না রোনাল্ডো। সেই কারণে তাঁকে নিয়ে শুরু হয় রসিকতা। আল হিলাল সমর্থকরা রোনাল্ডোকে নিয়ে রসিকতা করে রিয়াধের রাস্তায় নিখোঁজ পোস্টার ফেলেছে। 
সেই পোস্টারে দেখা যাচ্ছে, রোনাল্ডো কাঁদছেন। সেই পোস্টারে লেখা রয়েছে, চল্লিশ বছরের এক ব্যক্তিকে তাঁর পরিবারের সদস্যরা খুঁজছেন। 
এখনও পর্যন্ত রোনাল্ডোর সঙ্গে আল নাসেরের সম্পর্ক ভাল হয়নি। পর্তুগিজ মহানায়ক কত দিন আল নাসেরের ম্যাচ বয়কট করে থাকেন, সেটাই দেখার।