আজকাল ওয়েবডেস্ক: চোট থেকে ফিরেই দাপুটে ইনিংস। বুধবার নভি মুম্বইয়ে বিশ্বকাপের প্রস্তুতিতে দক্ষিণ আফ্রিকাকে ৩০ রানে হারায় ভারত। ম্যাচ শেষে কৃতজ্ঞতা ব্যক্ত করেন তিলক বর্মা। রিহ্যাব থেকে সদ্য ফিরেছেন বাঁ হাতি ব্যাটার। এত তাড়াতাড়ি মাঠে ফিরেই সাফল্য পাবেন ভাবতে পারেননি। এত অল্প সময়ের মধ্যে মাঠে ফিরবেন ভাবেননি। দ্রুত রিকোভারির জন্য বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সকে কৃতিত্ব দিলেন উঠতি তারকা। তিলক বলেন, 'সত্যি বলতে, আমি এত তাড়াতাড়ি মাঠে ফিরব ভাবিনি। বিসিসিআই এবং সেন্টার অফ এক্সেলেন্সকে ধন্যবাদ। বিশ্বকাপ খেলা আমার কাছে সবচেয়ে বড় স্বপ্ন।' বোর্ডের পোস্ট করা ভিডিওতে এমন বলেন তিলক। 

মাঠে প্রবেশের সময় ডিওয়াই পাতিলের স্ট্যান্ড থেকে ভেসে আসে তিলক বর্মার নাম। এটাই তাঁকে আরও উদ্বুদ্ধ করে। বিশ্বকাপের আগে এটাই তাঁর বড় প্রেরণা। তিলক বলেন, 'আমি যখন মাঠে প্রবেশ করি, সবাই তিলক, তিলক করে চিৎকার করছিল। আমার খুব ভাল লেগেছে। এটা আমার আত্মবিশ্বাস বাড়ায়।' মাঠের ফুটন্ত পরিবেশের কথা তুলে ধরেন। বাকিরা আগ্রাসী ক্রিকেট খেলায় থিতু হওয়ার জন্য সময় পান বাঁ হাতি। তবে তিলকও হাত খুলেই খেলেন। তিনি বলেন, 'ঈশান যেভাবে ব্যাট করছিল, অভিষেকও যেমন খেলছিল, আমি ভাবছিলাম, আমিও মাঠে নেমে মারব। পরিবেশ দারুণ ছিল। তিলক এবং বাকি দল বিশ্বকাপের জন্য তৈরি।' মাঠে নেমে কথা রাখেন বাঁ হাতি। ১৯ বলে ৪৫ রান করেন। ৫ উইকেটে ২৪০ রান তোলে ভারত। তারপর দক্ষিণ আফ্রিকাকে ২১০ রানে আটকে রাখে বোলাররা। সঠিক সময় তিলকের প্রত্যাবর্তন ভারতের সম্ভাবনা আরও বাড়িয়ে দিয়েছে। শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যাত্রা শুরু করবে ভারত।