আজকাল ওয়েবডেস্ক: মেয়েদের টি-২০ চ্যালেঞ্জার ট্রফির দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সেই দলে বাংলার সাতজন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। এই তালিকায় রয়েছেন রিচা ঘোষ, তিতাস সাধু, ধারা গুজ্জার, সাইকা ইসাক, মিতা পাল, তনুশ্রী সরকার এবং প্রিয়াঙ্কা বালা। টুর্নামেন্টে মোট পাঁচটি দল খেলবে। দলগুলোর নাম টিম এ, বি, সি, ডি এবং ই। সদ্য শেষ হওয়া মেয়েদের সিনিয়র টি-২০ টুর্নামেন্টের ফাইনালে মুম্বইয়ের কাছে হেরে যায় বাংলা। কিন্তু ভাল পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাংলার ক্রিকেটাররা। মেয়েদের সিনিয়র টি-২০ চ্যালেঞ্জার ট্রফির দলে জায়গা পেলেন রিচা, তিতাসরা। টিম এ-তে রয়েছেন রিচা ঘোষ, মিতা পাল এবং সাইকা ইসাক। টিম বি-তে একমাত্র তনুশ্রী সরকার আছেন। টিম সি-র হয়ে প্রতিনিধিত্ব করবেন তিতাস সাধু এবং প্রিয়াঙ্কা বালা। টিম ডি-তে থাকছেন ধারা গুজ্জার। টিম ই-তে বাংলার কোনও প্লেয়ার নেই। 

ক্রিকেটারদের পাশাপাশি বাংলার সিনিয়র দলের ম্যাসিওর টগরিকা চট্টোপাধ্যায় সুযোগ পেয়েছেন। টিম এ-র সঙ্গে যুক্ত থাকবেন তিনি। রবিবার থেকে শুরু হবে মেয়েদের টি-২০ চ্যালেঞ্জার ট্রফি। রাঁচিতে হবে টুর্নামেন্ট। প্রথমদিন মুখোমুখি টিম এ এবং টিম বি। সকাল এগারোটায় খেলা শুরু। প্রথমদিন দুটো ম্যাচ হবে। দ্বিতীয় ম্যাচ টিম সি এবং ডি-র মধ্যে। প্রত্যেকদিন দুটো করে ম্যাচ হবে। ২১, ২৩ এবং ২৫ নভেম্বর হবে লিগের বাকি ম্যাচগুলো। ফাইনাল ২৭ নভেম্বর।