আজকাল ওয়েবডেস্ক: অলিম্পিক কাউন্সিল অফ এশিয়াতে এই প্রথম ভারতীয় সভাপতি। রবিবার দিল্লিতে ৪৪তম ওসিএ-র জেনারেল অ্যাসেম্বলিতে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার সভাপতি নির্বাচিত হলেন বর্ষীয়ান প্রশাসক রণধীর সিং। এই পদের জন্য একমাত্র মনোনীত প্রার্থী ছিলেন পাঁচ বারের অলিম্পিক শুটার। ২০২৪ থেকে ২০২৮ সাল পর্যন্ত তাঁর মেয়াদ থাকবে। ২০২১ সাল থেকে ৭৭ বছরের প্রশাসক ওসিএর কার্যকরী সভাপতির দায়িত্ব পালন করছিলেন। চলতি বছরের মে মাসে সংস্থার সভাপতি কুয়েতের শেখ আহমেদ আল ফাহাদ আল সাবাহ ১৫ বছরের জন্য সব ধরনের ক্রীড়া প্রশাসন থেকে নির্বাসিত হওয়ার পর রণধীর সিং সেই দায়িত্ব পালন করেন। এর আগে ভারত এবং এশিয়ার বিভিন্ন স্পোর্টস সংস্থায় প্রশাসনিক দায়িত্বে ছিলেন বর্ষীয়ান কর্তা। এদিন ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়ার উপস্থিতিতে সভাপতি নির্বাচিত হলেন তিনি। এছাড়াও ছিলেন এশিয়ার ৪৫টি দেশের ক্রীড়া কর্তারা।
রণধীর সিং পাঞ্জাবের পাতিয়ালার বাসিন্দা। তাঁর পরিবারের অনেকেই খেলাধুলোর সঙ্গে জড়িত ছিলেন। তাঁর কাকা মহারাজা যদবিন্দ্রা সিং ভারতের হয়ে টেস্ট খেলেন। আইওসির সদস্য ছিলেন। তাঁর বাবা ভোলিন্দ্র সিং প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেন। ১৯৪৭ থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনিও আইওসির সদস্য ছিলেন। রণধীর নিজেও ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ভারতীয় অলিম্পিক কাউন্সিলের সদস্য ছিলেন। তারপর সাম্মানিক সদস্য হিসেবে ছিলেন তিনি। এবার নতুন নজির গড়লেন।
















