আজকাল ওয়েবডেস্ক: ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুঃস্বপ্নের ১৭ ওভার রবি বিষ্ণোইকে তীব্র সমালোচনার মুখে ফেলে দিয়েছে। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে বিষ্ণোইয়ের ওই ওভার খেলার মোড় ঘুরিয়ে দেয়।
১৭-তম ওভারে বিষ্ণোই মোট ২৯ রান দেন, যা টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে কোনও0 ভারতীয় বিশেষজ্ঞ বোলারের করা সবচেয়ে ব্যয়বহুল ওভার হিসেবে রেকর্ডে নাম লেখায়।
ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান দেওয়া ওভারগুলোর তালিকায় এটি তৃতীয় স্থানে রয়েছে। এর আগে ২০২০ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শিবম দুবের এক ওভারে ৩৪ রান এবং ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে স্টুয়ার্ট বিনি ৩২ রান দিয়েছিলেন।
বিষ্ণোইয়ের ওই দুঃস্বপ্নের ওভারের পর ইংল্যান্ডের জয়ের জন্য শেষ তিন ওভারে প্রয়োজন ছিল মাত্র ২০ রান। ফলে ম্যাচ কার্যত ভারতের হাতছাড়া হয়ে যায়।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিষ্ণোইয়ের ওই ওভার নিয়ে প্রশ্ন করা হলে অধিনায়ক শ্রেয়স আইয়ার সতীর্থের পাশে দাঁড়ান। তিনি বলেন, ''১৭তম ওভারে পরপর দুটি নো-বল আমাদের জন্য বড় ধাক্কা ছিল। তবে আমি নিশ্চিত, ও এই ভুল থেকে শিক্ষা নেবে।''
অধিনায়ক সমর্থন জানালেও সোশ্যাল মিডিয়ায় রবি বিষ্ণোইকে নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান অসংখ্য ক্রিকেট সমর্থক। গুরুত্বপূর্ণ মুহূর্তে পরপর দুটি নো-বল ও ব্যয়বহুল ওভারের জন্য তাঁকে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে।
এক ভক্ত সোশাল মিডিয়ায় লিখেছেন, ''রবি বিষ্ণোই লেগ স্পিন বোলিংয়ের জন্য লজ্জা। গুগলি ছাড়া প্রায় কিছুই ঠিকমতো করতে পারে না। এমনকী ধারাবাহিকভাবে একই জায়গায় দুটো বলও ফেলতে পারে না। খুবই খারাপ একজন বোলার। ভারতের অনেক প্রতিভাবান বোলার আছে, তবুও আমি বুঝতে পারি না কীভাবে এই রবি বিষ্ণোই এখনও দলে সুযোগ পায়।''
আরেক ভক্ত লিখেছেন, ''রবি বিষ্ণোই একাই ম্যাচটা ছুড়ে ফেলে দিল। ২৪ বলে ইংল্যান্ডের দরকার ছিল ৪৯ রান, আর ম্যাচ ভারতের নিয়ন্ত্রণে ছিল। তারপর রবি বিষ্ণোই আসে এবং পরপর নো বল করে, যার ফলে জ্যাকব বেথেল ফ্রি হিটে ২৯ রান তুলে নেয়। ওভার শেষে ইংল্যান্ডের দরকার পড়ে মাত্র ১৮ বলে ২০ রান। প্রথমে অর্শদীপ, আর এখন রবি বিষ্ণোই... এরা নাকি আমাদের সেরা বোলার।''















