আজকাল ওয়েবডেস্ক:‌ পাকিস্তান ক্রিকেটে তীব্র ডামাডোল। মুলতান টেস্টে হারের পর জাতীয় নির্বাচক কমিটিতে নিয়ে আসা হল আম্পায়ার আলিম দারকে। এরকম ঘটনা বিশ্ব ক্রিকেটে কখনও হয়নি। যে কোনও আম্পায়ারকে তাঁর দেশের নির্বাচক কমিটিতে জায়গা দেওয়া হয়েছে।


নির্বাচক কমিটিতে পিসিবি জুড়ে দিয়েছে প্রাক্তন ক্রিকেটার আকিব জাভেদ, আজহার আলি, টেস্ট আম্পায়ার আলিম দার ও হাসান চিমাকে। যদিও প্রাক্তন টেস্ট ব্যাটসম্যান আসাদ শফিক আগে থেকেই কমিটিতে ছিলেন। কারণ মহম্মদ ইউসুফ পদত্যাগ করার পর তাঁকে কমিটিতে জায়গা দেওয়া হয়।


পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, নির্বাচক কমিটির সব সদস্যদের ভোটাধিকার ক্ষমতা আছে। তবে হেড কোচ গ্যারি কার্স্টেন ও বোলিং কোচ জেসন গিলেসপির বিরুদ্ধে কোনও সিদ্ধান্ত এই কমিটি নিতে পারবে না। এই দু’‌জনের হাতেও দেওয়া হয়েছে ভোটাধিকার ক্ষমতা। 


অতীতে আকিব জাভেদ পিসিবির বড় সমালোচক ছিলেন। কিন্তু তাঁকে কমিটিতে জায়গা দেওয়া হল। সঙ্গে এসেছেন আলিম দার। এই প্রথম কোনও আম্পায়ার এলেন জাতীয় নির্বাচক কমিটিতে। অবশ্য আলিম দার আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং এখন আর করেন না। 


অবশ্য পিসিবিতে এই বদল নতুন নয়। গত বছর একাধিকবার পিসিবি নির্বাচক কমিটিতে বদল এনেছিল। লাভের লাভ কিছু হয়নি। আবার বদল হল।