আজকাল ওয়েবডেস্ক: সূর্যকুমার যাদব, কেএল রাহুল-সহ গোটা ভারতীয় দলকে স্বাগত জানালেন পাকিস্তানের সাদা বলের অধিনায়ক মহম্মদ রিজওয়ান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে যুযুধান পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে পাক অধিনায়ক রিজওয়ান ভারতীয় দলকে বার্তা দিলেন। 

সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়াকেই মাটি ধরিয়েছে পাকিস্তান। রিজওয়ান বলছেন, ''কেএল রাহুল, সূর্যকুমার যাদবদের স্বাগত জানাই। যে আসবে, তাদের প্রত্যেককে স্বাগত। এটা আমাদের সিদ্ধান্ত নয়। এটা পিসিবি-র সিদ্ধান্ত।'' 

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কাটা দূর অস্ত। সমস্যা আরও বাড়ল। নিজেদের সিদ্ধান্তে অনড় পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই নিয়ে সরকারের কাছে দ্বারস্থ হয়েছিল পিসিবি। পাকিস্তান সরকারের নির্দেশ, চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও ম্যাচ যেন দেশের বাইরে খেলা না হয়। রবিবার পাকিস্তানে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত আইসিসিকে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তারপর থেকেই সমস্যার সূত্রপাত।

হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দেওয়া হয়। সেক্ষেত্রে ভারতের সব ম্যাচ দুবাইয়ে রাখা হবে। কিন্তু নিজেদের সিদ্ধান্তে অটুট পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও ম্যাচ দেশের বাইরে করতে রাজি নয় পিসিবি। এই মর্মে চিঠি দিয়ে তাঁরা আইসিসিকে জানিয়ে দিয়েছে। গোটা টুর্নামেন্ট পাকিস্তানেই আয়োজন করতে চায় পিসিবি।

এদিকে অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হারিয়ে ওঠার পরে সাজঘরে সতীর্থদের উদ্দেশে  রিজওয়ান বলেছেন, ''কেউ ভাবতেও পারেনি, অস্ট্রেলিয়ায় এসে আমরা অস্ট্রেলিয়াকে হারাতে পারি। আমরা একটা দল হিসেবে খেলেছি। আমরা যদি এভাবে খেলতে পারি তাহলে টি-টোয়েন্টিতেও হোয়াইট ওয়াশ করতে পারি।''