আজকাল ওয়েবডেস্ক: আর বল হাতে নয়। এবার মাইক্রোফোন হাতে তুলবেন। আইপিএলে নতুন ভূমিকায় দেখা যাবে রবিচন্দ্রন অশ্বিনকে। অনেক আগে থেকেই নিজের ইউ টিউব চ্যানেলে বিশ্লেষণ করেন। এবার প্রথম লাইভ সম্প্রচারে দেখা যাবে প্রাক্তন তারকাকে। ধারাভাষ্য দেবেন অশ্বিন। তাঁর টিমে যোগ দেবেন বীরেন্দ্র শেহবাগ, এবি ডি'ভিলিয়ার্স, ইরফান পাঠান, সুরেশ রায়না, হরভজন সিং, ফ্যাফ ডু'প্লেসি এবং অনিল কুম্বলে। এছাড়াও থাকবেন রবি শাস্ত্রী, সুনীল গাভাসকর, মাইকেল ক্লার্ক, ওইন মর্গ্যান, অ্যারন ফিঞ্চ, ডেল স্টেইন, এবং কেভিন পিটারসেন।
আসন্ন আইপিএলে রোহিত শর্মার ওপর বাজি ধরেন অশ্বিন। আগের থেকে অনেক ওজন ঝরিয়েছেন প্রাক্তন অধিনায়ক। অশ্বিনের ধারণা, আইপিএলে ব্যাট হাতে ব্যর্থতা কাটিয়ে রানে ফিরবেন ফিট রোহিত। নিজের ইউ টিউব চ্যানেলে অশ্বিন বলেন, 'আমার ব্যক্তিগতভাবে মনে হয়, এটা রোহিতের মরশুম হবে। আর পুরো বছর ওকে ক্রিকেট খেলতে হয় না। পর্যাপ্ত বিরতি পাচ্ছে। মন ফুরফুরে আছে। শারীরিকভাবে ভাল জায়গায় আছে। ওকে খুব ফিট দেখাচ্ছে। আমার ধারণা, এবছরের আইপিএলে রোহিত নিজের চিরাচরিত টি-২০ ব্যাটিং স্টাইল ফেরাবে। ভুললে চলবে না, গত কয়েক বছরে রোহিতকে আইপিএলে ছন্দে পাওয়া যায়নি। এবার ওর কাছে সেরা সুযোগ সেটা ফেরানোর। আমার মনে হয়, এবারের আইপিএল ও উপভোগ করবে।'
সম্প্রতি বিতর্কে জড়ান অশ্বিন। এবার আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলবেন অর্জুন। এই নিয়েই যত ঝামেলা। আচমকা অশ্বিন একটি বিরূপ মন্তব্য করেন। বলে বসেন, আসন্ন আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলার সুযোগ পাবেন না শচীনপুত্র। দলের পেস আক্রমণ শক্তিশালী। ভারতের তারকা স্পিনারের ধারণা, প্রথম একাদশে সুযোগ পেতে হিমশিম খাবেন অর্জুন।
টিম কম্বিনেশন সম্বন্ধে অশ্বিন বলেন, 'অর্জুন তেন্ডুলকর খেলবেই না। তাই সেই নিয়ে আলোচনা করে লাভ নেই। আমার মনে হয় ওর খেলা কঠিন, কারণ দলে মায়াঙ্ক যাদব, মহসিন খান, আবেশ খান এবং মহম্মদ শামি আছে। দলে অনেক ফাস্ট বোলার আছে। কীভাবে খেলবে? একমাত্র দলে একাধিক চোট-আঘাত হলে তবেই সুযোগ পেতে পারে।' অশ্বিনের মন্তব্য ভালভাবে নেননি যোগরাজ সিং। পাল্টা কটাক্ষ করেন। ক্ষেপে লাল যুবরাজ সিংয়ের বাবা। যোগরাজ বলেন, 'ও ভুলভাল কথা বলছে। অশ্বিন যেই হোক না কেন, একজনকে নিয়ে কী বলা উচিত সেটা ওরা জানা দরকার। টিভিতে বসে বেশি কথা বলছে। ও এটা করতে পারবে না, সুযোগ পাবে না, বলার কে ও?' বিতর্ক পেছনে ফেলে এবার বাইশ গজে নতুন ইনিংস ওপেন করার জন্য তৈরি অশ্বিন।















