আজকাল ওয়েবডেস্ক: শনিবার শুরু আইপিএলের ১৯তম সংস্করণ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ। স্পটলাইট তিন আধুনিক গ্রেটের ওপর। এমএস ধোনি, বিরাট কোহলি এবং রোহিত শর্মা। আরও একবার নিজেদের সেরাটা দেওয়ার জন্য তৈরি ত্রয়ী। এবার তিনজনের থেকে কী প্রত্যাশা করবে আইপিএল? তিন মহারথীর ভূমিকা নিয়ে বিশ্লেষণ করলেন আকাশ চোপড়া। আরও একবার বিরাট কোহলির জ্বলে ওঠার অপেক্ষায় ভারতের প্রাক্তনী। ফিটনেস লেভেল, এবং ইনিংস ওপেন করায় সুবিধা পাবেন তিনি। তাঁর ধারণা, এমনকী রোহিতের থেকেও এই বিষয়ে এগিয়ে বিরাট।
আকাশ চোপড়া বলেন, 'আবার বিরাট কোহলির দিকে ফোকাস থাকবে। কারণ ও খুবই ফিট। ফিটনেসের দিক থেকে যে জায়গায় পৌঁছেছে, ও সবচেয়ে এগিয়ে থাকবে। তাছাড়া ও ইনিংস ওপেন করে। রোহিত শর্মার ক্ষেত্রেও এটা সমান কার্যকরী। তবে দু'জনের মধ্যে মনে হয় বিরাটের জন্য আরও কিছুটা সহজ হবে। নিজের জন্য যে জায়গাটা তৈরি করেছে, তার ফল পাচ্ছে।' ৩৭ বছর বয়সে আইপিএলের ইতিহাসে একনম্বর ব্যাটার। ২৬৭ ম্যাচে ৮৬৬১ রান। ২০০৮ সাল থেকে টানা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতেই খেলছেন কোহলি। এক মরশুমে সর্বোচ্চ রানের রেকর্ডও তাঁর ঝুলিতে। ২০১৬ সালে ৯৭৩ রান করেন। আইপিএলে সর্বোচ্চ শতরানও বিরাটের। মোট আটটি সেঞ্চুরি।
চোপড়া মনে করেন, এমএস ধোনির জন্য এবারের আইপিএল সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হবে। আইপিএলের আগে খেলার কোনও সুযোগ পান না বিশ্বকাপজয়ী অধিনায়ক। চোপড়া বলেন, 'ধোনির জন্য কাজটা কঠিন। কারণ বয়স বেড়েছে। ১০ মাস খেলার মধ্যে থাকে না। আইপিএলে ফিরেই শুরু করা, তাও আবার এমন একটা পজিশনে যেখানে খেলার জন্য মাত্র ১০-১২ বল পায়, খুবই কঠিন।' রোহিত শর্মাকে নিয়ে আশাবাদী। মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইন আপ শক্তিশালী। রোহিতের থেকে শুরুতে ঝড়ের আশায় ভারতের প্রাক্তন তারকা।
রোহিত প্রসঙ্গে বলেন, 'মুম্বইয়ের যে ব্যাটিং অর্ডার, শুরুতেই টোন সেট করে দেওয়া উচিত রোহিত শর্মার। ও একভাবে ব্যাট করতে চায়। সেটা প্রকাশ্যে জানিয়ে দিয়েছে। তবে যে দলে কুইন্টন ডি কক, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, উইল জ্যাকস এবং শেরফেন রুদারফোর্ড আছে, সেখানে আর কোনও বিকল্প নেই। ২০ ওভার কাজে লাগাতে হবে। অর্থাৎ পাওয়ার প্লে কাজে লাগানো। তাই আশা করা যায়, শুরুতে রোহিত একইভাবে ব্যাট করবে। আমার মনে হয়, গোটা মুম্বই দলই তাই করবে। যদি না পিচ অন্য ভূমিকা নেয়।' তিনজন আইজন কেরিয়ারের বিভিন্ন পর্যায় রয়েছে। আরও একটি উপভোগ্য আইপিএল হতে চলেছে।















