আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ফুটবলের জন্য সুখবর। বড় স্পনসর পেতে চলেছে এআইএফএফ। আইএসএলের কমার্শিয়াল রাইটসের জন্য ২০০০ কোটির বেশি টাকা বিনিয়োগ করতে চলেছে জিনিয়াস স্পোর্টস। ২০ বছরের জন্য চুক্তি করতে চাইছে। অঙ্কের পরিমাণে এফএসডিএলকে টেক্কা দিল এই সংস্থা। ১৫ বছরের জন্য ফেডারেশনের সঙ্গে চুক্তি ছিল রিলায়েন্সের সংস্থার। গতবছর তাঁদের সঙ্গে চুক্তি শেষ হয়। তারপর থেকেই আইএসএলের ভবিষ্যৎ ঘিরে প্রশ্ন ওঠে। দেশের সেরা লিগ শুরু করার ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হয়। ডাকা হয় টেন্ডার। কিন্তু কোনও লাভ হয়নি। কেউ আগ্রহ প্রকাশ করেনি। কিন্তু এবার এগিয়ে এল জিনিয়াস স্পোর্টস।
লন্ডনের সংস্থা আইএসএল এবং ফেডারেশন কাপের জন্য ২০ বছরের চুক্তি করতে চায়। ২১২৯ কোটি টাকার দর হাঁকিয়েছে। বছরে ৬৫ কোটি করে দেবে। জানা যাচ্ছে, এখান থেকে ক্লাবগুলোও শেয়ার পাবে। এছাড়াও ফ্যানকোডও বিড জমা দিয়েছে। তাঁরা বছরে ৩৬ কোটি করে দেবে। প্রত্যেক বছর সেটা ৫ শতাংশ করে বাড়ানো হবে। ২৯ মার্চ ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠক আছে। সেখানেই এই প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এফএসডিএলের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর সমস্যায় পড়ে ফেডারেশন। আইএসএল আয়োজন করতে কালঘাম ছোটে। শেষপর্যন্ত কোনওরকমে নমঃনমঃ করে দেশের সেরা লিগ আয়োজিত হচ্ছে। ফরম্যাট বদলে সংক্ষিপ্তভাবে মাত্র তিন মাসের মধ্যে হচ্ছে আইএসএল।















