আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত, পাকিস্তান ক্রিকেট বোর্ডের টানাপোড়েনে ক্ষতিগ্রস্থ হচ্ছে বাকি খেলাধুলো। আসন্ন এশিয়া কাপ ইউথ স্ক্র্যাবল চ্যাম্পিয়নশিপ এবং দিল্লি কাপের জন্য পাকিস্তানি প্লেয়ারদের ভিসা দিচ্ছে না ভারতীয় হাই কমিশনার। জানা গিয়েছে, দু'মাস আগে ভিসার আবেদন করে পাকিস্তানের প্লেয়াররা।‌ কিন্তু বিষয়টি ঝুলে রয়েছে। এবার সরকারিভাবে জানিয়ে দেওয়া হল, পাকিস্তানি প্লেয়ারদের ভিসা দেওয়া হবে না। ভারত সরকারের এই সিদ্ধান্তে হতাশা ব্যক্ত করেন পাকিস্তান স্ক্র্যাবল অ্যাসোসিয়েশনের ডিরেক্টর তারিক পারভেজ। তিনি জানান, কোনও যুক্তিসঙ্গত কারণ ছাড়াই দলের অর্ধেক প্লেয়ারের ভিসার আবেদন খারিজ করা হয়েছে। এমনকী যারা ২০২২ সালে অংশগ্রহণ করে জিতেছিল, তাঁদেরও ভিসা দেওয়া হয়নি। ভিসা মঞ্জুর হয়ে যাওয়ার আশায় লাহোরে পৌঁছে গিয়েছিল পাকিস্তানের প্লেয়াররা। কিন্তু এবার হতাশ হয়ে করাচিতে ফিরতে হবে। 

পারভেজ বলেন, 'কোনও কারণ ছাড়াই দলের অর্ধেক প্লেয়ারের ভিসার আবেদন বাতিল করে দেওয়া হয়েছে। এমনকী যারা সবে এক বছর আগে ভারতে খেলে এই প্রতিযোগিতা জিতেছে, তাঁদেরও ভিসা দেওয়া হয়নি। বিশ্ব ইউথ চ্যাম্পিয়ন এবং এশিয়ান ইয়ুথ খেতাবজয়ী হিসেবে পাকিস্তানের অংশ না নেওয়া টুর্নামেন্টের জন্য বড় সেটব্যাক।' সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে সম্পর্কের তিক্ততা তৈরি হয়েছে। বিসিসিআই নিজেদের অবস্থানে অটল। আইসিসিকে জানিয়ে দেওয়া হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না টিম ইন্ডিয়া। হাইব্রিড পদ্ধতিতে টুর্নামেন্ট করার আবেদন জানানো হয়। কিন্তু গোটা টুর্নামেন্ট পাকিস্তানে করার বিষয়ে নাছোড় পিসিবি। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার। তবে শীঘ্র জট কাটার সম্ভাবনা কম।