আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার মহম্মদ আমির ভবিষ্যদ্বাণী করেছিলেন ভারত সেমিফাইনাল পৌঁছতে পারবে না। 

ইডেনে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারত শেষ চারের টিকিট জোগাড় করে ফেলে। 

তার পর থেকেই প্রবল ট্রোলিংয়ের শিকার হন পাকিস্তানের প্রাক্তন পেসার মহম্মদ আমির। 

কিন্তু কিছুতেই হার মানার বান্দা নন আমির। তিনি এর মধ্যেও অন্য গন্ধ পাচ্ছেন। অন্য বিতর্কের ধুঁয়ো তুলছেন। শিমরন হেটমায়ার আউট ছিলেন না বলে বিতর্ক তৈরি করার চেষ্টা করছেন। আমিরের মত, হেটমায়ার থাকলে ভারত হয়তো ছিটকে যেত। তাদের হাতের বাইরে চলে যেত ম্যাচ। 

ওয়েস্ট ইন্ডিজের ১২-তম ওভারের ঘটনা। জশপ্রীত বুমরাহর বল স্লগ করতে চেয়েছিলেন হেটমায়ার। কিন্তু সঞ্জু স্যামসনের হাতে তিনি ধরা পড়েন। আত্মবিশ্বাস নিয়ে আবেদন করেছিলেন বুমরাহ। আম্পায়ার ক্রিস গাফানি আঙুল তুলে দেন। কিন্তু হেটমায়ার রিভিউ নেন। আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। 

রিপ্লেতে দেখা যায় বল ব্যাটে লেগেছিল। তবুও ব্যাটার কিন্তু সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। হেটমায়ার ভেবেছিলেন বল তাঁর ব্যাট ছোঁয়নি। 

পাক টিভির শো 'হারনা মানা হ্যায়'-তে উপস্থিত হয়ে আমির জানান হেটমায়ার আউট ছিলেন না। ক্যারিবিয়ানদের বিপজ্জনক ব্যাটার হেটমায়ার। উইকেটে জমে গেলে তিনি ঝড় তোলেন। তিনি ক্রিজে থাকা মানেই ঝড়ের গতিতে রান ওঠা। আমির বলছেন, ''আমার মনে হয় হেটমায়ারের আউটের সিদ্ধান্তটা বিতর্কিত ছিল। আমার মনে হয় না ও আউট ছিল। আরেকটু থেকে গেলে রান ২২০-২৩০-এ পৌঁছে যেত। তাহলে ভারত ছিটকে যেত।'' 

সঞ্জু স্যামসন ৫০ বলে দুর্দান্ত ৯৭ রানের ইনিংস খেলেন। সেই ইনিংসে ভর করেই ভারত সেমিফাইনালের টিকিট জোগাড় করে ফেলে। আমির বলছেন, ''আপনারা বলতেই পারেন আমি ভুল বলেছিলাম। যেখানে কৃতিত্ব দেওয়ার সেখানে কৃতিত্ব দিতেই হবে। সঞ্জু স্যামসন জীবনের সেরা ইনিংস খেলেছে। আইপিএল ও অন্যান্য ম্যাচে আমি সঞ্জুর ব্যাটিং দেখেছি। তবে এই ইনিংসটা, বিশেষ করে মরণবাঁচন ম্যাচে, আরও নির্দিষ্ট করে বললে, নক আউট ম্যাচে এই ইনিংসটা স্পেশাল।'' 

আমির আরও বলেন, ''তবে ক্রিকেটীয় দিক থেকে যদি আমি বিশ্লেষণ করি, তাহলে বলব ভারত কিন্তু মোটেও ভাল ক্রিকেট খেলছে না। পূর্ণাঙ্গ ক্রিকেট বলতে যা বোঝায় তা পাওয়া যাচ্ছে না ভারতের খেলায়। আমি এখনও বলব, ওদের ফিল্ডিং দেখুন। তিন থেকে চারটে ক্যাচ ছেড়েছে, ফিল্ডিংয়ে বল গলেছে। বুমরাহ ছাড়া বাকিরা মার হজম করেছে। ভারতের শক্তির জায়গা কেবল এক বোলার।'' 

ভারত জিতে গেলেও আমির কিছুতেই সূর্যকুমার যাদবের দলের প্রশংসা করবেন না বলে স্থির করেছেন। বরং তিনি বিতর্ক খোঁজার চেষ্টা করবেন ভারতের জয়ে। যেমন তিনি পাক টিভির শোয়ে বললেন, হেটমায়ার আউট ছিলেন না। তিনি থাকলে ভারত ম্যাচ থেকে ছিটকে যেত।