আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে স্বপ্নের দোরগোড়ায় দাঁড়িয়ে ছিল ভারতীয় নারী ফুটবল দল। বিশ্বকাপের টিকিট ছিনিয়ে আনার লক্ষ্যে নামা ভারতের মহিলা ফুটবল দল লড়াই করেও হার মানল শক্তিশালী ভিয়েতনামের কাছে। ফিফা ক্রমতালিকায় ৩৬ নম্বরে থাকা ভিয়েতনাম ২-১ গোলে হারাল ভারতকে। ম্যাচ হেরে গেলেও ভারতের মহিলা দল কিন্তু লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে।
ম্যাচের শুরু থেকেই ভিয়েতনামের আক্রমণের ধার বাড়তে থাকে। চাপ বাড়তে থাকে ভারতের রক্ষণের উপরে। গোলরক্ষক চানু ভারতকে বাঁচান একাধিকবার। ১৪ মিনিটে নিশ্চিত গোল বাঁচান তিনি। ২৫ মিনিটে ডিফেন্সের ভুলে বিপদ বাড়লেও গোল হয়নি।
ভিয়েতনাম ৩০ মিনিটে এগিয়ে যায়। গোলটি করেন ভ্যান সু। ভারতও কামড় দেওয়ার চেষ্টা করে। বিরতির সময় ভারত পিছিয়েছিল।
দ্বিতীয়ার্ধে ভারত সমতা ফেরায়। ৫২ মিনিটে সানফিদা গোলটি করেন ভারতের হয়ে। সমতা ফেরার পরে ভারত আরও উজ্জ্বীবিত ফুটবল খেলতে শুরু করে দেয়। অ্যাডেড টাইমের চতুর্থ মিনিটে ভ্যান সু ফের গোল করে ভিয়েতনামকে ২-১ গোলে এগিয়ে দেন। সেই ধাক্কা আর ভারত কাটিয়ে উঠতে পারেনি। তবে এই ম্যাচ হেরে গেলেও ভারতের আসা কিন্তু শেষ হয়নি এখনও। ৭ ও ১০ মার্চ ভারতের ফের ম্যাচ রয়েছে। ব্লু টাইগ্রেসদের মুখোমুখি যথাক্রমে জাপান ও চাইনিজ তাইপে।
স্বপ্ন এখনও বেঁচে আছে। এক ধাপ পেরোলেই বিশ্বকাপ—সেই সোনালি স্বপ্নের পথেই এগিয়ে যেতে হবে ভারতের নীল বাঘিনীদের।
