আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় মহিলা ফুটবল দল পুরুষ দলের আগেই ফিফা বিশ্বকাপে খেলার সুযোগ পেতে পারে। ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে বলতে গিয়ে বড় মন্তব্য প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও ফুটবল কিংবদন্তি ভাইচুং ভুটিয়ার। তাঁর সাফ বক্তব্য, দীর্ঘদিন ধরে ভারতীয় পুরুষ দল বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখে আসছে। কিন্তু এখনও পর্যন্ত বাস্তবে তা সফল হয়নি।

তবে আশার আলো দেখিয়ে ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভুটিয়া বলেন, ‘জীবনে যদি উত্তর কোরিয়া বিশ্বকাপে খেলতে পারে, তাহলে ভারতও পারবে। আর সবচেয়ে বড় কথা, এখন ফিফা বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৩২ থেকে ৪৮ করা হয়েছে’। বিশ্বকাপে কোয়ালিফাই করা যে কতটা কঠিন তাও বুঝিয়ে দিয়েছেন ভাইচুং।

তাঁর কথায়, এশিয়ার প্রতিযোগিতার মান এতটাই উঁচু যে, ভারতের পক্ষে বিশ্বকাপে কোয়ালিফাই করা কঠিন হয়ে পড়ছে। এশিয়ার ৬০টিরও বেশি দেশ ফুটবল খেলে। কিন্তু বিশ্বকাপের জন্য কেবল চারটি জায়গা বরাদ্দ। সাধারণত এই চারটি স্পট পায় জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়া এবং ইরান বা সৌদি আরব। সে কারণেই মহিলা দলের বিশ্বকাপ খেলার আশায় বেশি জোর দেখিয়েছেন ভাইচুং।

বলেন, ‘মহিলা দল আমাদের রাস্তা দেখাতে পারে। মহিলা ফুটবলে পার্সিয়ান গালফ দেশগুলির অতটা আধিপত্য নেই। পুরুষদের ক্ষেত্রে এই গালফ দেশগুলি শক্ত প্রতিদ্বন্দ্বী। ফলে সেখানে সুযোগ পাওয়া কঠিন’। তবে তিনি জানান, ‘মহিলা ফুটবলের উন্নতির পথে সবচেয়ে বড় বাধা হল রেসিডেন্সিয়াল অ্যাকাডেমির অভাব। সঠিক পরিকাঠামো না থাকায় প্রতিভাবান খেলোয়াড়রা সামনে আসতে পারছেন না’।