আজকাল ওয়েবডেস্ক: টানা চার ম্যাচ জয়ের পরে পয়েন্ট খোয়াল মোহনবাগান। তাও আবার বেঙ্গালুরুর ঘরের মাঠে খেলতে এসে। 

বেঙ্গালুরুর ঘরের মাঠ আর মোহনবাগান মানে অনেক ইতিহাস। সেই মাঠেই এসে শনিবার থেমে গেল সবুজ-মেরুনের জয়রথ। 

কোনও পক্ষই গোল করতে পারল না। দিনের শেষে স্কোরলাইন বলছে মোহনবাগান ০ বেঙ্গালুরু ০। 

কেউ গোল করতে পারল না। তবে গোলের সুযোগ তৈরি করেছিল দুই দলই। ঠোঁট আর চায়ের পেয়ালার মধ্যে যে দূরত্ব থেকে যায়, সেই দূরত্বই থেকে গেল এদিন। মোহনবাগানের দীর্ঘ চেহারার ডিফেন্ডার আলবার্তো গোল করতে পারতেন। একাধিকবার তিনি গোল করার মতো জায়গায় পৌঁছেও বেঙ্গালুরুর জালে বল জড়াতে পারেননি। লিস্টন কোলাসো পায়ের কাজ দেখাতে দেখাতে কী যে করলেন, তা তিনিই ভাল বলতে পারবেন। তাঁর কাণ্ড দেখে রেগে গেলেন সবুজ-মেরুন কোচ লোবেরাও। সুনীল ছেত্রী সহজ গোলের সুযোগ নষ্ট করলেন। তবে সবথেকে সহজ গোল নষ্ট করেছেন বোধহয় পেত্রাতোস। ফাঁকায় বল পেয়ে বেঙ্গালুরু গোলকিপার গুরপ্রীতকে একা পেয়েও বাইরে মারেন তিনি। সহজ গোলের সুযোগ এভাবে নষ্ট করলে কীভাবে আর জিতবে! ফলে জয় বেঙ্গালুরুর মাঠে ফেলেই আসতে হল মোহনবাগানকে। 

তবে এই মোহনবাগান ধারে ও ভারে দারুণ শক্তিশালী। যে কোনও মুহূর্তে ম্যাচের রং বদলে দেওয়ার মতো ফুটবলার রয়েছে লোবেরার অস্ত্রভাণ্ডারে। তাই বেঙ্গালুরুর বিরুদ্ধে গোলশূন্য ড্র করলেও এটতুকুও চিন্তিত নন লোবেরা। পরের ম্যাচেই এই মোহনবাগান ঘুরে দাঁড়াবে, এ কথা বলাই বাহুল্য।