আজকাল ওয়েবডেস্ক: টি-২০ সিরিজ ড্রয়ের পর প্রথম একদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়েছে ভারত। আজ জিতলেই সিরিজ জয়। বেরহার সেন্ট জর্জেস পার্কে দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি দুই দল। ভারতীয় সময় বিকেল সাড়ে চারটেয় শুরু খেলা। তবে তার আগেই শুরু হয়ে যাবে আইপিএলের নিলাম। দুপুর ১টা থেকে শুরু হওয়া মিনি নিলামে নজর থাকবে দুই দলের ক্রিকেটারদের। ভারতীয় ক্রিকেটারদের বেশিরভাগকেই তাঁদের ফ্র্যাঞ্চাইজিরা রেখে দিয়েছে। তবে চিন্তায় থাকবে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। একাধিক ক্রিকেটারের নাম রয়েছে নিলামের তালিকায়। তাই ম্যাচের আগে প্রোটিয়াদের উদ্বিগ্ন থাকাটা স্বাভাবিক। তবে এর প্রভাব ম্যাচে পড়ার সম্ভাবনা নেই। দ্বিতীয় টি-২০ শুরুর আগেই একটা আন্দাজ সবাই পেয়ে যাবে। প্রথম ম্যাচে অর্শদীপ সিং এবং আবেশ খানের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি প্রোটিয়া ব্যাটাররা। এদিন প্রত্যাবর্তনের মরিয়া চেষ্টা থাকবে মার্করামদের। অন্যদিকে একই ধারাবাহিকতা বজায় রেখে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরতে চাইবেন কেএল রাহুল। দলে পরিবর্তনের সম্ভাবনা নেই। প্রথম ম্যাচে রিঙ্কু সিংয়ের অভিষেক হয়নি। খেলানো হয় সঞ্জু স্যামসনকে। এদিনও কেকেআরের ক্রিকেটারের খেলার সম্ভাবনা কম। উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে রিঙ্কুকে। সিরিজ জিতে গেলে শেষ ম্যাচে তরুণদের সুযোগ দেওয়া হতে পারে। সেক্ষেত্রে অগ্রাধিকার পাবেন রিঙ্কু। সম্ভাবনা থাকবে রজত পাতিদারেরও। তবে বর্তমানে প্রোটিয়াদের মাটিতে একদিনের সিরিজ জয়ই লক্ষ্য রাহুল অ্যান্ড কোম্পানির।
India-South Africa: আইপিএল নিলামের মাঝেই সিরিজ জয়ের লক্ষ্যে রাহুলরা
















