আজকাল ওয়েবডেস্ক: আইপিএল খেলে ভুল করেছেন। এতদিনে স্বীকার করলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন।
২০০৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলে অভিষেক হয়েছিল পিটারসেনের। পরে দিল্লি ক্যাপিটালস এবং রাইজিং পুণে সুপারজায়ান্টের হয়েও খেলেছেন। ২০১৬ সালে শেষ বার আইপিএল খেলেন পিটারসেন। এবার তিনি বলছেন, ভারতের টি–২০ লিগই তাঁর আন্তর্জাতিক ক্রিকেট জীবনের ক্ষতি করেছে। তাঁর কথায়, ‘আইপিএলের জন্য আমাকে সবচেয়ে বড় ত্যাগ করতে হয়েছে। আমি আমার কেরিয়ার নষ্ট করেছি। তাই আমি একদমই আইপিএলের পক্ষে নেই। সে জন্যই এই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত সকলে আমার বিপক্ষে।’
পিটারসেন আরও বলেছেন, ‘ইংল্যান্ডের হয়ে শেষ ম্যাচ খেলার সময় আমার বয়স ছিল ৩৩। দেশের হয়ে ১০৪টি টেস্ট খেলার সুযোগ হয়েছিল। আমার অন্তত ১৫০–১৬০টি টেস্ট খেলা উচিত ছিল। টেস্টে ১২ থেকে ১৩ হাজার রান করা উচিত ছিল আমার। এগুলো আমার প্রাপ্য ছিল।’
তবে পিটারসেনের দাবি, তাঁর ক্রিকেটজীবনের ক্ষতি হলেও ইংল্যান্ডের এখনকার ক্রিকেটারেরা লাভবান হচ্ছেন। তাঁর কথায়, ‘সম্প্রতি জস বাটলারের এসাক্ষাৎকার নিয়েছিলাম। বাটলারও আমায় ধন্যবাদ জানিয়ে বলেছিল, আমার ত্যাগের সুফল এখনকার ক্রিকেটারেরা পাচ্ছে।’
এটা ঘটনা, ইংল্যান্ডের হয়ে ১০৪টি টেস্টে ৮১৮১ রান রয়েছে পিটারসেনের। ২৩টি শতরান এবং ৩৫টি অর্ধশতরান রয়েছে তাঁর। দেশের হয়ে ১৩৬টি একদিনের ম্যাচ এবং ৩৭টি টি–২০ ম্যাচও খেলেছেন তিনি। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন পিটারসেন।
















