আজকাল ওয়েবডেস্ক: আশঙ্কা ছিলই। সেটাই সত্যি হল। কেকেআর-পাঞ্জাব কিংস ম্যাচে থাবা বসাল বৃষ্টি। খেলা শুরু হওয়ার ২০ মিনিট পরই বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। সেই সময় ৩.৪ ওভারে ২ উইকেট হারিয়ে কেকেআরের রান ছিল ২৫। প্রথম দুই ম্যাচ হেরে প্রত্যাবর্তনের লক্ষ্যে নেমেছে নাইটরা। কিন্তু শুরুটা ভাল হয়নি তিনবারের চ্যাম্পিয়নদের। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজিঙ্ক রাহানে। জানান, প্রথমে ব্যাট করে বড় রান তোলা লক্ষ্য। কিন্তু পাওয়ার প্লেতেই বিপর্যয়। দ্বিতীয় ওভারে জোড়া উইকেট হারায় কেকেআর। ফিরে যান ফিন অ্যালেন এবং ক্যামেরুন গ্রিন। জোড়া উইকেট নেন জেভিয়ার বার্টলেট। উইকেটের পেছনে ধরা পড়েন নাইটদের দুই বিদেশি। ৭ বলে ৬ রান করে আউট হন অ্যালেন। ২ বলে ৪ রান করেন গ্রিন। ২৫ কোটির তারকা আবার ব্যর্থ। প্রথম বলে ৪ মেরে শুরু করলেও, দ্বিতীয় বলে আউট। ৩ ম্যাচে অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের রান ২৪। ক্রিজে আছেন রাহানে এবং অঙ্গকৃষ রঘুবংশী। 

চলতি আইপিএলে প্রথমবার ইডেনে এসেছেন শাহরুখ খান। কিন্তু ঘরের মাঠে শুরুতেই হতাশার ছবির সাক্ষী থাকতে হয় কিং খানকে। বৃষ্টি চলাকালীন কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোরের সঙ্গে গভীর আলোচনায় ডুবে যেতে দেখা যায় শাহরুখকে। জোড়া হার দিয়ে শুরু করার পর এদিন পাওয়ার প্লের ব্যর্থতায় নিঃসন্দেহে হতাশ বলিউড তারকা। সোমবার টসে জেতেন অজিঙ্ক রাহানে। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কেকেআরের অধিনায়ক। দলে দুটো পরিবর্তন রয়েছে। চোটের জন্য পাঞ্জাবের বিরুদ্ধে পাওয়া যাবে না নাইটদের স্পিন জুটি সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীকে। বরুণ চক্রবর্তীর জায়গায় খেলবেন নবদীপ সাইনি। সুনীল নারিনের বদলে সুযোগ পান রোভম্যান পাওয়েল। প্রত্যাবর্তনের বিষয়ে আশাবাদী কেকেআর অধিনায়ক। রাহানে বলেন, 'আমরা প্রথমে ব্যাট করব। ভাল উইকেট। একটু সূক্ষ্ম। বড় রান তুলতে চাই। দলের আত্মবিশ্বাস আছে। আমাদের প্রস্তুতি ভাল হয়েছে। ছোট ছোট মুহূর্তগুলো জিততে হবে। ইউনিট হিসেবে আমাদের নিজেদের ওপর বিশ্বাস আছে।' অন্যদিকে টসে হেরে খুশি শ্রেয়স।