আজকাল ওয়েবডেস্ক: চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে সব বিভাগে আধিপত্য দেখায় ভারত। তিনজন ভারতীয় শতরান করে, একজন ছয় উইকেট নেয়। ফিল্ডিংয়েও ওপার বাংলার প্রতিপক্ষকে টেক্কা দেয় ভারতীয় দল। তাঁদের ফিল্ডিংয়ের মান এতটাই খারাপ ছিল, নাজমুল হোসেন শান্তর দলকে তুলোধোনা করেন রবি শাস্ত্রী, তামিম ইকবালরা। ম্যাচ শেষে ভারতীয় দলের ফিল্ডিংয়ের কাটাছেঁড়া করতে বসেন টি দিলীপ। সেরা ফিল্ডিং বাছতে বসে একটি তালিকা বানানো হয়। সেখানে জায়গা পায় ভারতীয় ফিল্ডারদের চারটে প্রচেষ্টা। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই তালিকায় নেই রবীন্দ্র জাদেজার নাম। বর্তমানে ভারতীয় দলের সেরা ফিল্ডার তিনিই। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নজরকাড়া কিছু করতে দেখা যায়নি জাড্ডুকে। কারা রয়েছে এই তালিকায়?
বিসিসিআই টিভিতে একটি চ্যাটে টি দিলীপ বলেন, 'সরাসরি সেরা বেছে নেওয়া আমার পক্ষে কঠিন। তবে গালিতে যশস্বীর অসাধারণ ক্যাচ এবং শর্ট লেগে অনবদ্য ক্যাচ তাঁকে এগিয়ে রেখেছে। মিড অনে কেএল রাহুলের ক্যাচও আমার পছন্দ হয়েছে। ও দারুণ রিফ্লেক্স দেখিয়েছে। এগুলো ক্যাচ নেওয়ার ক্ষেত্রে। চেন্নাইয়ের এই আদ্রতার মধ্যে সিরাজের ডাইভগুলোর প্রশংসা করতেই হবে। একজন ফাস্ট বোলারের পক্ষে এটা করা সহজ নয়। এই তিনটে এবং বিরাট কোহলির ফিল্ডিং। ওর ক্ষেত্রে প্র্যাকটিসে এবং ম্যাচে ফিল্ডিংয়ের মধ্যে কোনও পার্থক্য নেই। দুই ক্ষেত্রেই একই প্রবলতা।' রাহুল দ্রাবিড়ের সময় ফিল্ডিং কোচ ছিলেন টি দিলীপ। বাকি কোচিং স্টাফ বদল হলেও, গম্ভীর জমানায়ও তিনি থেকে গিয়েছেন।
